
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর মহাপরিচালক পদে কাতারের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে কাতারের আমিরের উপদেষ্টা ও ইউনেসকোয় দেশটির প্রার্থী ড. হামাদ বিন আবদুল আজিজ আল-কাওয়ারি সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ সমর্থনের কথা জানান।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি জানান, ড. হামাদ ইউনেসকোর মহাপরিচালক পদে তাঁর প্রার্থিতার পক্ষে বাংলাদেশের সমর্থন কামনা করেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, তিনি এ পদে ড. হামাদের প্রার্থিতায় খুশি হয়েছেন। তিনি বাংলাদেশের সমর্থন পাবেন। কাতারের আমিরের উপদেষ্টা প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে আগামী অক্টোবরে প্যারিসে এ ভোট অনুষ্ঠিত হবে। এই পদে নিজের প্রার্থিতা ঘোষণার পর ড. হামাদ তাঁর প্রচারণায় প্রথম বাংলাদেশ সফর করছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যকার বিদ্যমান সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ভ্রাতৃপ্রতিম দেশ দুটির এ সম্পর্ক আগামী দিনে আরও সুসংহত হবে। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে ড. হামাদ বলেন, অন্যদের তাঁকে অনুসরণ করা উচিত। তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে আর্থসামাজিক ও শিক্ষা খাতে বাংলাদেশের সাফল্যেরও প্রশংসা করেন।
বাংলাদেশ ও কাতারের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক সই সম্পর্কে বৈঠকে কাতারের আমিরের উপদেষ্টা বলেন, এটি সুবিধাজনক সময়ে নিষ্পন্ন হবে। বৈঠকে অন্যদের মধ্যে বাংলাদেশে কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহাম্মদ আল দেহাইমি উপস্থিত ছিলেন।
আবহাওয়া অ্যাপ উদ্বোধন: মুঠোফোনভিত্তিক অ্যাপ্লিকেশন ‘বিএমডি ওয়েদার অ্যাপ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অ্যাপের মাধ্যমে আবহাওয়া অধিদপ্তরের দৈনন্দিন সব তথ্যসেবা মুঠোফোন প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে।
গতকাল প্রধানমন্ত্রী তাঁর তেজগাঁও কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই অ্যাপ উদ্বোধন করেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) তৈরি এ অ্যাপ গুগল প্লে স্টোর থেকে স্মার্টফোন গ্রাহকেরা ডাউনলোড করতে পারবেন।
অ্যাপটি উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের বলেন, দেশের বিভিন্ন অংশে স্বয়ংক্রিয় আবহাওয়া মনিটরিং সেন্টার থেকে সর্বশেষ আবহাওয়ার তথ্য এ অ্যাপ্লিকেশনে প্রদর্শিত হবে। এতে তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ুপ্রবাহের দিক, কাছাকাছি সময়ে কী পরিমাণ বৃষ্টি হতে পারে ইত্যাদি বিষয়ে সর্বশেষ তথ্য জানা যাবে। পাশাপাশি সাইক্লোনের সতর্কসংকেত, ভূমিকম্পের মাত্রা, কৃষি আবহাওয়া, বন্যার ধারা, শৈত্যপ্রবাহ ও খরাসংশ্লিষ্ট তথ্য সহজে জানা যাবে।
যথাসময়ে আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কীকরণ সংকেত প্রদান এবং নদী ও আকাশপথে চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাপটি চালু করা হয়েছে। কালবৈশাখী, সাইক্লোন, টর্নেডো, অতিবৃষ্টি, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে জীবন ও সম্পদহানি কমিয়ে আনা এটি চালুর অন্যতম লক্ষ্য।