ইউপি-উপজেলা-জেলা-সিটি করপোরেশন আইন সংশোধনে বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিবন্ধিত রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য ইউনিয়ন পরিষদ (ইউপি), উপজেলা, জেলা ও সিটি করপোরেশন আইন সংশোধনের বিল আজ বুধবার সংসদে উত্থাপিত হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এই চারটি বিল উত্থাপন করেন।

বিল চারটি হলো স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) বিল ২০১৫, স্থানীয় সরকার (উপজেলা) বিল ২০১৫, স্থানীয় সরকার (জেলা পরিষদ) বিল ২০১৫ ও স্থানীয় সরকার (সিটি করপোরেশন) বিল ২০১৫। উত্থাপনের পর বিল চারটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য তা স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। পৌরসভা আইনটি এর আগে সংশোধন করে অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে, যা গত রোববার সংসদে উত্থাপিত হয়।
চারটি বিলেই রাজনৈতিক দল বলতে গণপ্রতিনিধিত্ব আদেশের সংজ্ঞায়িত রাজনৈতিক দলকে বোঝানো হয়েছে। স্বতন্ত্র প্রার্থী বলতে বোঝানো হয়েছে যে প্রার্থী কোনো রাজনৈতিক দল কর্তৃক মনোনীত নয়। আরও বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদের নির্বাচনের জন্য প্রার্থীকে রাজনৈতিক দল কর্তৃক মনোনীত অথবা স্বতন্ত্র প্রার্থী হতে হবে।
এ ছাড়া ভিন্নভাবে জেলা পরিষদ আইনের ১৭ ধারা সংশোধন করে বলা হয়েছে, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচনের জন্য প্রত্যেক জেলার অন্তর্ভুক্ত সিটি করপোরেশন (যদি থাকে), পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সমন্বয়ে একটি নির্বাচক মণ্ডলী গঠিত হবে।
বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। প্রতিটি নির্বাচনই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে থাকে। এসব নির্বাচন নির্দলীয়ভাবে হলেও বাস্তবে প্রতিটি দলই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দলীয় ব্যক্তিকে প্রার্থী হিসেবে সমর্থন দিয়ে থাকে। এই প্রেক্ষাপটে দীর্ঘদিন থেকে জনগণ ও জনপ্রতিনিধিরা রাজনৈতিক পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছিলেন। জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে এবং জনপ্রতিনিধিদের রাজনৈতিক অঙ্গীকার পালনের সুযোগ দিতে এই বিল আনা হয়েছে।
বিল উত্থাপন শেষে সংসদের অধিবেশন কাল বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।