নিবন্ধিত রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য ইউনিয়ন পরিষদ (ইউপি), উপজেলা, জেলা ও সিটি করপোরেশন আইন সংশোধনের বিল গতকাল বুধবার জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এই চারটি বিল উত্থাপন করেন।
বিল চারটি হলো স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) বিল ২০১৫, স্থানীয় সরকার (উপজেলা) বিল ২০১৫, স্থানীয় সরকার (জেলা পরিষদ) বিল ২০১৫ ও স্থানীয় সরকার (সিটি করপোরেশন) বিল ২০১৫। উত্থাপনের পর বিল চারটি পরীক্ষা করে প্রতিবেদন দিতে সেগুলো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। পৌরসভা আইনটি এর আগে সংশোধন করে অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে, যা গত রোববার সংসদে উত্থাপিত হয়েছে।
চারটি বিলেই রাজনৈতিক দল বলতে গণপ্রতিনিধিত্ব আদেশের সংজ্ঞায়িত রাজনৈতিক দলকে বোঝানো হয়েছে। স্বতন্ত্র প্রার্থী বলতে বোঝানো হয়েছে, যে প্রার্থী কোনো রাজনৈতিক দলের মনোনীত নন।
সংসদের অধিবেশন আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।