ইউপি উপনির্বাচনেও জাল ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথার ভাওয়াল ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে গতকাল ভোট গ্রহণ করা হয়৷ বেলা ১১টার দিকে নারায়ণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভোটারশূন্য  থাকলেও কক্ষের বাক্স সিল মারা ব্যালট দিয়ে ভর্তি ছিল l প্রথম আলো
ফরিদপুরের সালথার ভাওয়াল ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে গতকাল ভোট গ্রহণ করা হয়৷ বেলা ১১টার দিকে নারায়ণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভোটারশূন্য থাকলেও কক্ষের বাক্স সিল মারা ব্যালট দিয়ে ভর্তি ছিল l প্রথম আলো

ঢাকার সাভারের ইয়ারপুর, ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল এবং ভোলার লালপুর উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনের ভোট গ্রহণ চলাকালে গতকাল মঙ্গলবার বেশ কয়েকটি কেন্দ্রে ব্যাপক জাল ভোট পড়েছে বলে জানা গেছে৷ আরও কয়েকটি ইউপির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে৷ আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাভার: ব্যাপক জাল ভোটের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকার সাভারের ইয়ারপুর ইউপির উপনির্বাচন৷ তবে আমিনবাজার ইউপির নির্বাচনে তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি৷ ইয়ারপুরে তিনটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ার পরও প্রিসাইডিং কর্মকর্তারা তাদের ছেড়ে দেন৷
গত উপজেলা পরিষদের নির্বাচনে আমিনবাজার ইউপির চেয়ারম্যান কফিল উদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ইয়ারপুর ইউপির চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দিন ও একই ইউপির সদস্য মিনি আক্তার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পদগুলো শূন্য হয়৷ ইয়ারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি-সমর্থিত দেলোয়ার হোসেন, আওয়ামী লীগের দেওয়ান মেহেদী মাসুদ, আবদুল কাদির দেওয়ান ও সৈয়দ আহমেদ মাস্টার৷ আমিনবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আমজাদ হোসেন, হাজি মোহাম্মদ নাসির উল্লাহ, আনোয়ার হোসেন, মাওলানা শফিকুর রহমান ও ইসমাইল হোসেন৷
বেলা দুইটার দিকে ইয়ারপুর ইউনিয়নের জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে কয়েক শ উৎসুক মানুষের ভিড় থাকলেও ভোটারদের কোনো লাইন ছিল না৷ তবে বেশ কয়েকজন তরুণকে বারবার ওই কেন্দ্রের ভেতরে গিয়ে ভোট দিতে দেখা যায়৷ মেহেদী হাসান নামের এক তরুণ ওই কেন্দ্রের পাঁচ নম্বর বুথে প্রবেশ করে ব্যালট পেপার নিচ্ছিলেন৷ এ সময় তাঁর বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে কালি দেখে উপস্থিত সাংবাদিকেরা কর্তব্যরত পুলিশকে জানান৷ পরে পুলিশ তাঁকে আটক করে৷ পরে জানা যায়, মেহেদী ওই কেন্দ্রের ভোটারই নন৷
ফরিদপুর: সালথা উপজেলার ভাওয়াল ইউপির চেয়ারম্যান পদের উপনির্বাচনে প্রশাসন ও পুলিশের সহায়তায় আওয়ামী লীগের সমর্থকেরা ব্যাপক হারে জাল ভোট দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ এ ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে নয়টার দিকে বিএনপি-সমর্থিত প্রার্থী মো. এনায়েত হোসেন নির্বাচন বর্জন করার ঘোষণা দেন৷ বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত বেশ কয়েকটি কেন্দ্রে গিয়ে কোনো ভোটার চোখে পড়েনি৷
বিএনপি-সমর্থিত প্রার্থী মো. এনায়েত হোসেন নির্বাচনে প্রশাসন ও পুলিশের সহায়তায় ভোট কেটে নেওয়ার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি তিনি সকাল সাড়ে নয়টায় মৌখিকভাবে ইউএনওকে জানান৷ পরে জেলা প্রশাসকের কাছে তিনি লিখিত দেন৷
ভোলা: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল লালমোহন উপজেলার বদরপুর ইউপির উপনির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম৷ এ সুযোগে বেশ কয়েকটি কেন্দ্রে জাল ভোট পড়েছে বলে জানা গেছে৷ ভোট কারচুপি ও কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়াসহ নানা অভিযোগ এনে বিএনপি-সমর্থিত ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জন করেন৷ আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর হয়ে প্রকাশ্যে সিল মারা এবং প্রার্থীর হয়ে কাজ করার অভিযোগে একটি কেন্দ্রের সহকারী প্রিসাইিডং কর্মকর্তা আবদুল সোবাহানকে প্রত্যাহার করা হয়৷
কালিয়াকৈর (গাজীপুর): উপজেলার মৌচাক ইউপির উপনির্বাচনে লোকমান হোসেন ছয় হাজার ৩৮টি ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন৷ তিনি পেয়েছেন ১৫ হাজার ৩৩৬টি ভোট৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পান নয় হাজার ২৯৮টি ভোট৷
নাটোর: সিংড়া উপজেলার কলম ইউপির উপনির্বাচনে আওয়ামী লীগ-সমির্থত প্রার্থী মইনুল হক সাত হাজার ৯১০টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন৷ তাঁর নিকটতম প্রার্থী বিএনপি-সমির্থত আবদুস শুকুর আলী পেয়েছেন তিন হাজার ৫৯৫টি ভোট৷
পঞ্চগড়: আটোয়ারী উপজেলার তোড়েয়া ইউপির উপনির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল আলম বিজয়ী হয়েছেন৷ ওই পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন৷ ওই ইউপির চেয়ারম্যান সিরাজ উদ্দীন আহম্মেদের মৃত্যুর কারণে পদটি শূন্য হয়৷