ইউপি কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ভবন নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ এনেছেন এলাকাবাসী। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ২০ জুন এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯-১০ অর্থবছরে ফরদাবাদ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণের জন্য ৮৬ লাখ ২৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। নির্মাণের কাজ পায় ব্রাহ্মণবাড়িয়ার মেসার্স টুসি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ফরদাবাদ গ্রামের ড. রওশন আলম কলেজসংলগ্ন তিতাস নদীর পাড়ে মাসখানেক আগে নির্মাণকাজ শুরু করেন ঠিকাদার।এলাকাবাসী লিখিত অভিযোগে উল্লেখ করেন, ঠিকাদার নির্মাণকাজে অত্যন্ত নিম্নমানের পাথর, বালি, রড, ইট ব্যবহার করছেন। দরপত্র অনুযায়ী, ভবনের দুই স্থানে ১২ ও ১৪ মিটার করে পাইলিং করার কথা থাকলেও ঠিকাদার মাত্র সাত থেকে নয় মিটার পাইলিং করেছেন। প্রতিটি পাইলিংয়ের নিচের অংশে ছয়টি রড দেওয়ার কথা থাকলেও সেখানে তিন-চারটি করে রড ব্যবহার করা হয়েছে। এসব বিষয়ে প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন এবং হুমকি-ধমকি দিচ্ছেন।টুসি এন্টাপ্রাইজের স্বত্বাধিকারী মো. কামাল মিয়া হুমকি দেওয়া ও ভয়ভীতি দেখানোর কথা অস্বীকার করে বলেন, ‘কাজে কোনো অনিয়ম হচ্ছে না, আমরা নিয়মমাফিক কাজ করছি।’ ফরদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মিয়াও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ভবন নির্মাণকাজে ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন।সংশ্লিষ্ট কাজ তদারকির জন্য নিয়োজিত এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী অরুণ দেবনাথ বলেন, সব সময় সাইট তদারকি করা সম্ভব নয়, তবে কাজ ভালো হচ্ছে বলে তিনি দাবি করেন।ইউএনও শোয়াইব আহমাদ খান এলাকাবাসীর অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘কারিগরি দিক আমার জানা নেই। আর এলজিইডির অধীনের কাজ পরীক্ষা-নিরীক্ষা করার মতো উপজেলা পর্যায়ে কেউ না থাকায় আমার পক্ষে কোনো তদন্ত কমিটি গঠন করা সম্ভব নয়।’