ইউপি কমপ্লেক্স যেন নির্বাচনী কার্যালয়!
প্রধান ফটক ঢাকা পড়েছে প্রার্থীর পোস্টারে। প্রাঙ্গণও হচ্ছে ব্যবহার। এক পাশে প্রার্থীর পোস্টারসংবলিত মাইক্রোবাস রাখা। এ দৃশ্য সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদ (ইউপি) কমপ্লেক্সের।
যে প্রার্থীর পোস্টারে গোটা কমপ্লেক্স নির্বাচনী কার্যালয়ে রূপ নিয়েছে, তিনি হচ্ছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপিদলীয় প্রার্থী ছাত্রদলের সিলেট জেলার সভাপতি এমরান আহমদ চৌধুরী।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, এমরান আহমদ চৌধুরীর বাড়ি ওই এলাকায়। এ সুবাদে ইউপি কমপ্লেক্স এমরানের প্রচারণায় নিয়োজিত কর্মী-সমর্থকেরা নির্বাচনী কার্যালয়ের মতো ব্যবহার করছেন। গত মঙ্গলবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিন পর্যবেক্ষণ করে ইউপি কমপ্লেক্সে এমরান আহমদ চৌধুরীর গাড়ি রাখা থেকে শুরু করে কর্মী-সমর্থকদের বিশ্রামে বিভিন্ন কক্ষ ব্যবহার করতে দেখা গেছে।
প্রার্থীদের প্রচারণাসম্পর্কিত নির্বাচন কমিশনের আচরণবিধির ৭ নম্বর ধারায় ‘পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহারসংক্রান্ত বাধা-নিষেধ’ অনুচ্ছেদে বলা হয়েছে, দালান, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুতের খুঁটিসহ দণ্ডায়মান কোনো স্থাপনা ও বস্তুতে পোস্টার সাঁটানো যাবে না। আচরণবিধির ৭-এর খ উপধারায় স্পষ্ট উল্লেখ রয়েছে—সরকারি কিংবা স্থানীয় সরকার কর্তৃপক্ষের কোনো ভবন প্রার্থীরা প্রচারণার কাজে ব্যবহার করতে পারবেন না।
এমরানের নির্বাচনী প্রচারণার প্রধান সমন্বয়কারী রাজু তালুকদার বলেন, ‘এটা হয়তো কোনো কর্মী-সমর্থক গাড়ি পার্কিং করতে গিয়ে এমনটি করেছে। যেহেতু আমরা ঘটনাটি প্রথম শুনলাম, তাই এ ব্যাপারে সতর্ক হব।’
লক্ষ্মীপাশা ইউপির চেয়ারম্যান মাহমুদ আহমদ দাবি করেন, অফিস চলাকালে কমপ্লেক্স কেউ নির্বাচনী কোনো ধরনের কাজে ব্যবহার করছে না। ফটকে পোস্টার ও ইউপি কমপ্লেক্স প্রাঙ্গণে প্রার্থীর গাড়ি পার্কিং করার ছবি প্রথম আলোর কাছে রয়েছে বলে তাঁকে জানালে তিনি বলেন, ‘এতে যদি প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন হয়, তাহলে বিষয়টি আমি নই, নির্বাচন কমিশনের লোকজন দেখবে।’
ইউপি কমপ্লেক্স প্রাঙ্গণ-কক্ষ ব্যবহার হলে অবশ্যই আচরণবিধি লঙ্ঘন—এ বিষয়টি জানিয়ে সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রার্থীদের আচরণবিধি মনিটরিংয়ে থাকা ভ্রাম্যমাণ দলকে বিষয়টি কেউ জানায়নি।