ইউপি কার্যালয়ে নারীকে মারধর, যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে ডেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে এক নারীকে মারধরের ঘটনায় সংশ্লিষ্ট ইউনিয়ন যুবলীগের সভাপতি ও এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিউলি বেগম (৪৫) নামের নির্যাতনের শিকার ওই নারী এখন হাসপাতালে চিকিৎসাধীন। গত বুধবার রাতে ঠাকুরগাঁও থানায় মামলা করার পর গত বৃহস্পতিবার রাতে যুবলীগের নেতা মো. রায়হান ও ইউপি সদস্য কেদারনাথকে গ্রেপ্তার করা হয়।
শিউলি বেগমের অভিযোগ, তাঁর জমি কেড়ে নিতেই চেয়ারম্যান তাঁর লোকজন দিয়ে তাঁর নামে কুৎসা রটিয়ে এ ঘটনা ঘটিয়েছেন।
মামলার নথি ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউপি কার্যালয়ে শিউলি বেগমকে গত রোববার ডেকে নেওয়া হয়। তারপর চেয়ারম্যান আলাউদ্দিনের উপস্থিতিতে জগন্নাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রায়হান, ইউপি সদস্য কেদারনাথ, আনিসুর রহমান, মহিলা ইউপি সদস্য মালেকা বেগমসহ কয়েকজন মিলে তাঁকে প্রচণ্ড মারধর করেন। উপজেলার দৌলতপুর গ্রামের শিউলি বেগমের ঘরের সামনে প্রমত রায় (৫৫) নামের স্থানীয় এক ব্যক্তির দোকান রয়েছে।
৭ মে সন্ধ্যায় নুর ইসলাম নামের এক ব্যক্তি শিউলি ও প্রমতকে স্থানীয় জগন্নাথপুর ইউপি কার্যালয়ে ডেকে নেন। সেখানে দুজনকে আটকে তাঁদের মধ্যে অসামাজিক সম্পর্ক রয়েছে বলে অভিযোগ তুলে দুজনকে মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন। গুরুতর আহতাবস্থায় শিউলি বেগমকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন সেখানে চিকিৎসাধীন।
এলাকাবাসী জানান, শিউলির স্বামী মতিয়র রহমান ১৫ বছর ধরে লাপাত্তা। সেই থেকে দিনমজুরি করে সংসার চালান শিউলি। তাঁর এক ছেলে ও এক মেয়ে আছে। ছেলে হুসেন আলী ঢাকার একটি গার্মেন্টসে কাজ করেন। মেয়ে বৃষ্টি আক্তার (১৮) তাঁর সঙ্গে থাকেন। প্রমত রায় স্ত্রী-সন্তান নিয়ে একই ইউনিয়নের গৌরীপুর গ্রামে থাকেন।
শিউলির মেয়ে বৃষ্টি বলেন, ‘সেদিন সন্ধ্যায় ইউপি সদস্য আনিসুর, নুর ইসলাম, আবদুল্লাহ, রায়হানসহ কয়েকজন মাকে রিলিফের কাগজে সই দেওয়ার কথা বলে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে যান। পরে শুনতে পাই সেখানে মাকে মারধর করা হচ্ছে। ছুটে গিয়ে চেয়ারম্যানের হাত-পা ধরেছি। কিন্তু মাকে রক্ষা করতে পারিনি।’
শিউলি বেগম বলেন, মারাধরের সময় তিনি চেয়ারম্যানের পা ধরে কেঁদেছেন। কিন্তু চেয়ারম্যান উল্টো তাঁর লোকজনকে আরও মারধর করতে নির্দেশ দেন। একপর্যায়ে তিনিও (চেয়ারম্যান) লাথি মারেন। চেয়ারম্যানের নামে মামলা দিতে চাইলেও পুলিশ মামলা থেকে তাঁর নাম বাদ দিয়েছে বলে অভিযোগ করেন এ নারী।
নির্যাতনের শিকার নারী আরও বলেন, মামলা না করতে তাঁকে বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হয়। তাই ভয় ও চাপ কাটিয়ে উঠতে তাঁর একটু বেশি সময় লেগে যায়। শেষ পর্যন্ত তিনি মামলা করার সিদ্ধান্ত নেন।
তবে কথা বলা জন্য প্রমত রায়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আদালতের মাধ৵মে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর মামলা থেকে চেয়ারম্যান আলাউদ্দিনের নাম বাদ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, মামলার তদন্ত করতে গিয়ে ঘটনার সঙ্গে চেয়ারম্যানের সম্পৃক্ততা পাওয়া গেছে। অভিযোগপত্রে তাঁর নাম সংযুক্ত করা হবে।
ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন দাবি করেন, ‘ওই নারীর বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। তাই তাঁকে পরিষদে ডেকে আনার পর সাধারণ মানুষ মারধর করেছে। এ ঘটনায় আমি জড়িত নই।’
জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুচরিতা দেব বলেন, ‘ইউনিয়ন পরিষদে কোনো নারীকে ডেকে এনে নির্যাতন করা শাস্তিমূলক অপরাধ। আমরা জেনেছি, ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিনের সামনেই ওই নারীর ওপর নির্যাতন চালানো হয়েছে। এর দায় তিনি কোনোভাবেই এড়াতে পারেন না। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ জিড়ত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’