ইউপি গুদাম থেকে ভিজিডির ৯০০ কেজি চাল গায়েব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) গুদাম থেকে ভিজিডির ৩০টি কার্ডের ৯০০ কেজি চাল গায়েব হয়ে গেছে। ফলে এসব কার্ডধারী দুস্থ নারীরা ঈদের আগে চাল পাচ্ছেন না।মহিলাবিষয়ক অধিদপ্তর ধুনট কার্যালয় থেকে জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়নের হতদরিদ্র দুই হাজার ৮৬ জন দুস্থ নারীকে ভিজিডি কার্ডের তালিকাভুক্ত করা হয়েছে। প্রতিটি কার্ডের অনুকূলে প্রতি মাসের শেষ সপ্তাহে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। ঈদকে সামনে রেখে চলতি মাসের ১৫ তারিখের মধ্যে সরকার ভিজিডি কার্ডের চাল বিতরণের সিদ্ধান্ত নেয়। সেই হিসাবে চৌকিবাড়ী ইউনিয়নে ২০৭টি কার্ডের অনুকূলে ছয় মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়। ওই ইউপির চেয়ারম্যান ১৩ আগস্ট গোসাইবাড়ী সরকারি খাদ্যগুদাম থেকে ভিজিডি কার্ডের বরাদ্দ করা ওই চাল উত্তোলন করেন। চৌকিবাড়ী ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, ১৪ আগস্ট সকালে চেয়ারম্যান ও ইউপি সদস্যরা কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ শুরু করেন। বিতরণের শেষের দিকে একপর্যায়ে ৫০ কেজি করে ১৮ বস্তা চাল কম পড়ে। ফলে ৩০ জন কার্ডধারী দুস্থ নারীকে চাল দেওয়া সম্ভব হয়নি। পরে তাঁদেরকে আগামীকাল শনিবারের মধ্যে চাল দেওয়ার আশ্বাস দিয়ে বিদায় দেওয়া হয়। ঘটনার সত্যতা স্বীকার করে চৌকিবাড়ী ইউপির চেয়ারম্যান কুদরত-ই খুদা জুয়েল বলেন, ‘কীভাবে ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিত করে বলেতে পারছি না। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া যেভাবেই হোক বাকি ৩০ জন কার্ডধারীর মধ্যে চাল বিতরণ করা হবে।’