ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট্ট অথৈকে কী বলে সান্ত্বনা দেবেন চাচা রেজাউর রহমান। তার বাবা চলে গেছেন না-ফেরার দেশে। অথৈর বাবা যশোরের সিংহঝুলি ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানকে গতকাল গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা  ছবি: প্রথম আলো
ছোট্ট অথৈকে কী বলে সান্ত্বনা দেবেন চাচা রেজাউর রহমান। তার বাবা চলে গেছেন না-ফেরার দেশে। অথৈর বাবা যশোরের সিংহঝুলি ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানকে গতকাল গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা ছবি: প্রথম আলো

যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিল্লুর রহমানকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। জিল্লুর যশোর জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।জিল্লুরের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। দলের উপজেলা সভাপতি শাহজাহান কবীর বলেন, খুনিদের শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আজ শুক্রবার থেকে উপজেলায় হরতাল শুরু হবে।

জিল্লুর রহমান
জিল্লুর রহমান

তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত এই হরতাল চলবে। এর আগে পরিবারের লোকজন বিকেল সাড়ে পাঁচটা থেকে জিল্লুরের লাশ নিয়ে জেলা শহরের দড়াটানা মোড়ে বিক্ষোভ করেন।জিল্লুরের বাবা আতিউর রহমান চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। উপজেলার পীতম্বরপুর গ্রামে তাঁদের বাড়ি। জিল্লুর দুই মেয়ের বাবা। শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরচন্দ্র দে প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ে প্রধান শিক্ষকের যোগদান উপলক্ষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। স্থানীয় ৫০-৬০ জন বিশিষ্ট ব্যক্তিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। খাওয়া-দাওয়া শেষে অতিথিরা চলে যান। অন্যরা চলে গেলেও বিদ্যালয়ের মাঠে মোটরসাইকেলের ওপর বসে চেয়ারম্যান জিল্লুর মুঠোফোনে কথা বলছিলেন। আমিসহ শিক্ষকেরা তখন বিদ্যালয়ের অফিস কক্ষে খাচ্ছিলাম। পরপর তিনটি বিকট শব্দ শুনে আমরা বাইরে গিয়ে দেখি, চেয়ারম্যান মাটিতে পড়ে আছেন।’ তিনি বলেন, হত্যাকারীদের তাঁরা দেখতে পাননি। মুমূর্ষু অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।যশোরের পুলিশ সুপার জয়দেব ভদ্র প্রথম আলোকে বলেন, জিল্লুরের পরিবারের লোকজন লাশ নিয়ে ব্যস্ত থাকায় কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁদের সঙ্গে কথা বলার পর হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সহজ হবে। তবে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চৌগাছা থানার ওসি গোলাম রহমান বলেন, জিল্লুর হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। ২০০২ সালের ২৪ জুলাই সিংহঝুলি ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আশরাফ হোসেন খুন হন। ওই হত্যা মামলার আসামি যুবলীগের কর্মী আতিয়ার রহমান ২৩ সেপ্টেম্বর রাতে খুন হন। এসব হত্যাকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।