বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চুরির অভিযোগে সিরিঞ্জ দিয়ে খুঁচিয়ে জিল্লুর রহমান (৩৫) নামের এক ব্যক্তির চোখ নষ্ট করার ঘটনায় গত সোমবার সন্ধ্যায় মামলা হয়েছে। ময়দানহাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুব আলমসহ ১৪ জনকে এতে আসামি করা হয়েছে। এ ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিল্লুরের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে বগুড়ার অতিরিক্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ১৫ জুলাই মামলা করেন। সোমবার সন্ধ্যায় শিবগঞ্জ থানা মামলাটি গ্রহণ করে। মামলার এজাহারে বলা হয়েছে, উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ গ্রামের জামাল উদ্দিনের ছেলে জিল্লুরকে ২২ জুন সকালে উপজেলার পঁওতা গোয়ালপাড়া গ্রামে একদল লোক অস্ত্রের মুখে পথরোধ করেন। পরে ময়দানহাটা ইউনিয়ন পরিষদে নিয়ে তাঁকে বেদম পিটুনি দিয়ে পাশের ঝাউপাড়া গ্রামে লজিম উদ্দিনের বাড়িতে নেওয়া হয়। এরপর সিরিঞ্জে অ্যাসিড ভরে জিল্লুর রহমানের দুই চোখে খুঁচিয়ে এসিড দেওয়া হয়। স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পরও তাঁর চোখ দুটি রক্ষা করা যায়নি। ২৪ জুন প্রথম আলোয় ‘চুরির অভিযোগে সিরিঞ্জ দিয়ে খুঁচিয়ে চোখ নষ্ট!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।