ইউপি চেয়ারম্যানের ওপর সাংসদের ভাইয়ের হামলা!

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজবাহউদ্দিন খানের ওপর সশস্ত্র হামলা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। চেয়ারম্যানের পরিবারের সদস্যদের অভিযোগ, কিশোরগঞ্জ-৫ আসনের সরকার দলীয় সাংসদ মো. আফজাল হোসেনের ভাই আনোয়ার হোসেন ওরফে আশরাফের নেতৃত্ব্বে আজ মঙ্গলবার সকালে সন্ত্রাসীরা ওই হামলা চালায়।
আহত ইউপি চেয়ারম্যানকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, সকালে মিজবাহউদ্দিন হজে যাওয়ার জন্য স্বজনদের সঙ্গে নিয়ে দুটি মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশে রওনা হন। বেলা সাড়ে ১১টার দিকে মাইক্রোবাস শহরের ফায়ার সার্ভিস অফিসের কাছে পৌঁছায়। সেখানে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের আওয়ামী লীগের সাংসদ মো. আফজাল হোসেনের ভাই আনোয়ার হোসেন ওরফে আশরাফের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। সন্ত্রাসীরা দা, লাঠি দিয়ে মিজবাহউদ্দিনের ওপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাতাড়ি লাঠির আঘাতে মিজবাহউদ্দিনের বাম পা ভেঙে যায়। ডান পা ও হাতে তিনি আঘাত পান। ইউপি চেয়ারম্যান মিজবাহউদ্দিনের মাথায়ও সন্ত্রাসীরা দা দিয়ে কোপ দেয়। এতে তিনি জ্ঞান হারান। সন্ত্রাসীরা তাঁর ব্রিফকেস থেকে ছয় লাখ টাকা, দুটি মোবাইল সেট ও হাতের আংটি নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মাইক্রোবাসে থাকা মিজবাহউদ্দিনের ব্যক্তিগত সচিব মো. নজরুল ইসলাম ও ছেলে আরিফুল হক খান জানান, বাজিতপুরের দিলালপুরের কূলানদী-বাহেরবালী জলমহাল ও নদী ইজারা নিয়ে মিজবাহউদ্দিন ও তাঁর লোকজন ব্যবসা করতেন। এক বছর আগে সাংসদ আফজাল হোসেনের ভাই আনোয়ার হোসেন প্রভাব খাটিয়ে এসব জলমহাল ও নদী তাঁর দখলে নিয়ে যান। এ নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনায় মজিবুর রহমান নামে তাঁদের একজন সহযোগী খুন হন। এ নিয়ে থানায় মামলাও হয়েছে। বিরোধের জের ধরে আজ মিজবাহউদ্দিন খানকে হত্যা করার করার জন্য আনোয়ার হোসেনের নেতৃত্বে সোহেল মিয়া, মানিক মিয়া, ফারুক মিয়া, নান্নু মিয়া, সবুজ মিয়াসহ অজ্ঞাত ১৫-২০ জন সন্ত্রাসী হামলা চালায়।
ইউপি চেয়ারম্যান মিজবাহউদ্দিনের ছেলে আরিফুল হক খান জানান, সাংসদ আনোয়ার হোসেনের ভাই ও ছয় সন্ত্রাসীর নাম উল্লেখ করে এজাহার লেখা হচ্ছে। রাতের মধ্যে থানায় মামলা করা হবে।
এ ব্যাপারে সাংসদের ভাই আনোয়ার হোসেন ওরফে আশরাফের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, এজাহার পাওয়া গেলে মামলা নথিভুক্ত করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজা হচ্ছে।
বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজের চিকিত্সক মো. রইছউদ্দিন জানান, লাঠি ও দায়ের কোপে ইউপি চেয়ারম্যান মিজবাহউদ্দিন গুরুতর আহত হয়েছেন। তাঁর চিকিত্সা চলছে। তাঁকে ঢাকায় পাঠানো হবে।