ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, অনাস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম ফজলুল করিমের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ এনে এবং তাঁর প্রতি অনাস্থা জানিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ইউপির সদস্যরা। ইউপি সদস্যরা গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ অভিযোগ দেন। অভিযোগপত্রে বলা হয়, ফজলুল করিম চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে এককভাবে স্বেচ্ছাচারিতার মাধ্যমে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। ইউপির কোনো মাসিক বা বিশেষ সভা তিনি করেন না।
টিআর, কাবিখা, এলজিএসপি প্রকল্পের অনুদান কাউকে না জানিয়ে তিনি নিজের ইচ্ছামতো বরাদ্দ বণ্টন করছেন। তিনি বিভিন্ন প্রকল্পে নামমাত্র কাজ করে এবং ভুয়া ভাউচার দাখিল করে অর্থ আত্মসাৎ করে আসছেন। বর্তমানে ইউনিয়ন পরিষদের একটি অন্যতম উন্নয়ন খাত হচ্ছে এলজিএসপি। এ প্রকল্পের জন্য পরিষদে সভা করার কথা থাকলেও তিনি তা করেননি।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান এ কে এম ফজলুল করিম বলেন, ‘ইউনিয়নের সব উন্নয়ন প্রকল্পের সভাপতি আমি হতে পারি না। ইউপি সদস্যদের নিয়ে কমিটি থাকে, আর তাঁরাই বাস্তবায়ন করেন। এখানে আমার অংশগ্রহণেরই সুযোগ নেই। আমি দুর্নীতি করলাম কীভাবে? আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’ ইউএনও আবদুল মতিন প্রথম আলোকে বলেন, ‘অভিযোগপত্র পেয়েছি। কমিটি গঠন করে অভিযোগের তদন্ত করা হবে। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’