ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রবাসীকে নির্যাতন ও মাদকসহ পুলিশে সোপর্দের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদুল হকের বিরুদ্ধে কামাল হোসেন নামের এক সৌদি-প্রবাসীকে আটকের পর নির্যাতন শেষে মাদকসহ পুলিশে সোপর্দ করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে ওই ইউপি কার্যালয়ের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
কামাল ওই ইউনিয়নের সাতবাড়িয়া (দাতামা) গ্রামের মমতাজ মিয়ার ছেলে।
চৌদ্দগ্রাম থানা হাজতে আটক কামাল হোসেন (৩৫) কান্নাজড়িত কণ্ঠে গতকাল মঙ্গলবার জানান, গত ২৬ জুলাই তিনি সৌদি আরব থেকে দেশে আসেন। দেশে আসার পর তাঁর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ওই ইউনিয়নের পরানপুর গ্রামে শ্বশুরবাড়িতে ওঠেন। চেয়ারম্যান শহীদুল হক সোমবার সন্ধ্যায় কামালের এক বন্ধুর মাধ্যমে ফোন করে তাঁকে মিয়াবাজার এলাকায় নিয়ে যান। সেখান থেকে তাঁকে কাশিনগর ইউপি কার্যালয়ে নিয়ে আসার সময় অজ্ঞাত ব্যক্তি একটি ব্যাগ গাড়িতে দিয়ে দেয়। ইউপি কার্যালয়ে নিয়ে দ্বিতীয় তলার একটি কক্ষে হাত-পা বেঁধে চেয়ারম্যান শহীদুল হক, ইউপি সদস্য রফিকুল ইসলাম ও শাহ আলম প্রায় তিন ঘণ্টা ধরে তাঁর ওপর নির্যাতন চালান। পরে ওই রাতে তাঁকে মদের বোতল দিয়ে চৌদ্দগ্রাম থানার পুলিশের হাতে সোপর্দ করা হয়।
কামাল অভিযোগ করেন, দ্বিতীয় বিয়ে করার কারণে প্রথম স্ত্রীর আত্মীয় হওয়ায় চেয়ারম্যান এ নির্যাতন চালিয়েছেন। তিনি মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।
কামালের বাবা মমতাজ মিয়া বলেন, ‘কামাল মাদক সেবন বা বিক্রি কোনোটার সঙ্গেই জড়িত নয়। সে রোজার মধ্যে বিদেশ থেকে দেশে এসেছে।’
ইউপি চেয়ারম্যান শহীদুল হক বলেন, তাঁর পরিষদের সদস্য মাদক ব্যবসায়ী খোরশেদের সহযোগী কামাল উদ্দিন মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। সোমবার সন্ধ্যায় স্থানীয় লোকজন তাঁকে বিদেশি মদসহ আটক করে ইউপি কার্যালয়ে নিয়ে আসে। এ সময় স্থানীয় জনগণ তাঁকে মারধর করলেও তিনি এর সঙ্গে জড়িত নন বলে দাবি করেন। তবে মারধর বেশি হয়েছে বলে তিনি স্বীকার করেন।
চৌদ্দগ্রাম থানার এসআই রুহুল আমিন জানান, কামালকে ১৪ বোতল বিদেশি মদসহ পুলিশে সোপর্দ করেছেন ইউপি চেয়ারম্যান। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে ইউপি সদস্য রফিকুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।