ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাদত উল্লাহর বিরুদ্ধে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে।
চরম্বা ইউনিয়নের সাতজন সদস্য—শ্রী কৃষ্ণ দাশ, মো. ওসামান গনি, সিরাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মো. আবদুল কাদের, আবদুল শুক্কুর, শেখ আহমদ ১৩ আগস্ট লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে এ অভিযোগ দায়ের করেন।
জানা যায়, ঈদ উপলক্ষে চরম্বা ইউনিয়নের গরিব লোকজনের জন্য ১২ হাজার ৪৬০ কেজি চাল সরকারি গুদাম থেকে উত্তোলন করা হয়। ইউনিয়নে প্রত্যেক দরিদ্রের মাথাপিছু ১০ কেজি করে এক হাজার ২৪৬ জনের জন্য চাল বরাদ্দ ছিল। সেই অনুযায়ী ইউপি সদস্যরা ত্রাণের জন্য অগ্রাধিকার তালিকা চেয়ারম্যানের কাছে পাঠান।
কিন্তু ৭ আগস্ট ইউপি সদস্যদের বিতরণ করা স্লিপের বিপরীতে অনেকেই চাল না পেয়ে ফেরত আসেন। চাল না পেয়ে লোকজন বিক্ষুব্ধ হলে চেয়ারম্যান তাঁর কার্যালয় ত্যাগ করে চলে যান। ইউপি সদস্য মো. ওসমান গনি বলেন, কমপক্ষে ৫০০ দুস্থ লোক ত্রাণের চাল না পেয়ে ফেরত যান। ওই দিন চাল নিতে আসা ৫ নম্বর ওয়ার্ডের বাতার পাড়ার বাসিন্দা অন্ধ অলি আহমদ এবং মনু সর্দার পাড়ার জান্নাত আরা বেগম জানান, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে চাল না পেয়ে খালি হাতে ফেরত গেছেন।
ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, তিনি ১১৮ জনকে ত্রাণের স্লিপ দিয়েছিলেন। এর মধ্যে ৩০-৪০ জন চাল পাননি। তিনি আরও জানান, অনেককে ১০ কেজির পরিবর্তে সাত-আট কেজি চাল দিয়েছে।
সাদত উল্লাহ বলেন, ‘ইউপি সদস্যরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তাঁরা অনেককে ১০ কেজির পরিবর্তে ৩০-৪০ কেজি চাল দিয়েছেন। সে কারণে চাল বিতরণে সংকট সৃষ্টি হয়েছে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী জানান, উপজেলা পরিষদ থেকে বরাদ্দ করা স্লিপের বিপরীতে অধিকাংশই চাল পায়নি। চাল না পাওয়া শতাধিক স্লিপ বর্তমানে তাঁর কাছে জমা রয়েছে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিজনুর রহমান বলেন, চাল বিতরণে অনিয়মের অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত চলছে। চাল আত্মসাতের প্রমাণ পেলে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।