ইউপি চেয়ারম্যান ও শিক্ষকসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কানাইঘাটে উজানফৌদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের দেয়ালচাপায় তিন নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও লক্ষ্মীপ্রসাদ (পূর্ব) ইউনিয়নের চেয়ারম্যান মো. ফয়াজ উদ্দিন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ আটজনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। গতকাল বুধবার কানাইঘাট থানায় নিহত এক শ্রমিকের চাচা তবারক আলী বাদী হয়ে মামলা করেন। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ আবদুল হাই গতকালই মামলাটি নথিভুক্ত করে তদন্ত শুরু করেছেন। মামলায় বলা হয়, ভবনটি ঝুঁকিপূর্ণ জেনেও বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো সতর্কতামূলক ব্যবস্থা না নিয়ে নির্মাণকাজ শুরু করার নামে শ্রমিকদের মৃত্যুর দিকে ঠেলে দেয়। দেয়ালচাপা পড়ার পর তাৎক্ষণিক তাঁদের উদ্ধার না করায় পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়। এ ঘটনার জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ সব শিক্ষক এবং নির্মাণশ্রমিকদের তত্ত্বাবধায়কসহ আটজনকে দায়ী করে তাঁদের আসামি করা হয়েছে। গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন অপসারণ করার কাজ করতে গিয়ে দেয়ালচাপায় উজানফৌদ গ্রামের নির্মাণশ্রমিক মোহামঞ্চদ আলী (১৮), আবদুল হামিদ (২০) ও মিকিরপাড়া গ্রামের নূর আহমদ (৩০) নিহত হন। গতকাল বুধবার ময়নাতদন্ত শেষে ওই নির্মাণশ্রমিকদের লাশ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।