ইউপি চেয়ারম্যান ও সদস্যের পাল্টাপাল্টি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য আশানুজ্জামান একে অপরের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন। দুজনের পক্ষে তাঁদের দুই ভাই গত বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
চেয়ারম্যান নুরুলের ভাই কামরুল ইসলাম অভিযোগে দাবি করেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনিসহ কয়েকজন ব্যক্তি চেয়ারম্যানের কক্ষে বসেছিলেন। ওই সময়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজেক আলীর তিন ছেলে আশিকুজ্জামান, দেলোয়ার হোসেন ও ইউপি সদস্য আশানুজ্জামানসহ ৩৫-৪০ জন লাঠিসোঁটা, পিস্তল ও হাতবোমাসহ ইউনিয়ন পরিষদ চত্বরে মহড়া দেন। ওই সময় আশানুজ্জামান চেয়ারম্যান নুরুল ইসলামের মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেন। দেলোয়ার লোহার রড দিয়ে আসবাবপত্র ভাঙচুর করেন। তিনিসহ উপস্থিত অন্যরা বাধা দিতে গেলে তাঁদের মারধর করা হয় এবং চেয়ারম্যানের টেবিলের ড্রয়ারে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেন।
অন্যদিকে আশিকুজ্জামান চেয়ারম্যান নুরুল ইসলামসহ ২৭ জনের বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ দেন। এতে বলা হয়, তাঁর ভাই ইউপি সদস্য আশানুজ্জামানসহ ইউপি সদস্যরা বিভিন্ন প্রকল্পে তাঁদের বৈধ পাওনা দাবি করলে চেয়ারম্যান উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে চেয়ারম্যান নুরুল ইসলাম আশানুজ্জামানের মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেন যে বাড়াবাড়ি করলে খুন করা হবে। এরপর একটি সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেন।