শেরপুরের ঝিনাইগাতীতে দম্পতিকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দিনকে (৩৫) কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার বিকেলে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আ ন ম ইলিয়াস তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জমি নিয়ে বিরোধের জের ধরে এক দম্পতিকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় ১৫ নভেম্বর রোববার রাত সাড়ে নয়টায় ঝিনাইগাতী থানার পুলিশ নাসির উদ্দিনকে তাঁর হাতিবান্ধা গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে। ১৩ নভেম্বর রেজাউল করিম বাদী হয়ে নাসির উদ্দিন ও তাঁর তিন সহযোগীর বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৫৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে নাসির উদ্দিনের সঙ্গে পোশাককর্মী রেজাউল করিমের বিরোধ চলছে। গত শুক্রবার দুপুরে চেয়ারম্যান ও তাঁর সহযোগীরা ওই জমির পাকা আমন ধান কেটে নিয়ে যান। পরে রেজাউল ও তাঁর স্ত্রী লাভলী বেগম এ ঘটনার প্রতিবাদ করতে গেলে চেয়ারম্যান ও তাঁর সহযোগীরা তাঁদের একটি ঘরে আটক রেখে মারধর করেন।