ইউপি চেয়ারম্যান কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফাইজুর রহমানকে (৪৫) কারাগারে পাঠানো হয়েছে। একটি মামলায় হাজিরা দিতে গেলে গতকাল রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বাদল মিয়া গত ১৬ জুন বাড়ি ফেরার পথে সশস্ত্র হামলার শিকার হন। এর পর থেকে তিনি ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন আছেন। ওই ঘটনার পর তাঁর ভাই বাদী হয়ে শ্রীরামপুর ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন। তবে পুলিশ চার মাসেও মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। বাদীপক্ষের আইনজীবী খাইরুল আমীন বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা মামলার প্রধান আসামিসহ চারজনের নাম বাদ দিয়ে নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এর বিরুদ্ধে আমরা নারাজি আবেদন দাখিল করি। আর আজই (রোববার) প্রধান আসামি আদালতে হাজির হন। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’ মামলার তদন্ত কর্মকর্তা ও নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) শওকত আলী প্রথম আলোকে বলেন, তদন্তে মামলার ১৩ আসামির মধ্যে প্রধান আসামি ইউপি চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তাই অভিযোগপত্র থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে।