এক নারীকে দোররা মারার অভিযোগে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী আবদুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার মেহেন্দীগঞ্জ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।নির্যাতনের শিকার ওই গৃহবধূ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, তাঁর বাড়ি ওই ইউনিয়নের শ্রীপুর গ্রামে। এক মাস আগে একটি ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের মো. শাহাবুদ্দিনের সঙ্গে তাঁদের বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরে শাহাবুদ্দিন তাঁকে মারধর করেন। স্থানীয় সালিসে বিচার না পেয়ে জুলাই মাসের শেষের দিকে তিনি বাদী হয়ে বরিশালের মুখ্য মহানগর হাকিম আদালতে শাহাবুদ্দিনসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন। আদালত আসামিদের হাজির হওয়ার জন্য নির্দেশ দেন। এরপর আসামিরা তিনি ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। ওই ঘটনায় তিনি পুনরায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের কাছে বিচারের দাবি করেন।চেয়ারম্যান আবদুর রশিদ তাঁর লাঠিয়াল বাহিনী নিয়ে গত ৩০ জুলাই বিকেলে পূর্ব শ্রীপুর গ্রামে সালিস বসান। সেখানে বেপর্দা ও বেহায়াপনায় লিপ্ত থাকার অভিযোগ এনে ওই গৃহবধূকে ১০০টি দোররা ও জুতাপেটা করার নির্দেশ দেন আবদুর রশিদ। তাঁর নির্দেশ অনুযায়ী লাঠিয়াল আবদুল শাস্তি কার্যকর করেন। এর প্রতিবাদ জানানোয় গৃহবধূর শাশুড়ির ওপরও চেয়ারম্যান ও তাঁর বাহিনী নির্যাতন চালায়। এরপর ওই চেয়ারম্যান তাঁদের গ্রাম থেকে বের না হওয়ার নির্দেশ দেন। ফলে, তাঁরা চিকিৎসা পর্যন্ত নিতে পারেননি। একপর্যায়ে তাঁরা গ্রাম ছেড়ে বরিশালে পালিয়ে আসেন। গত সোমবার গৃহবধূ ও তাঁর শাশুড়ি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।বরিশালের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গতকাল সন্ধ্যায় নির্যাতনের শিকার হওয়া গৃহবধূ বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় চেয়ারম্যানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।