যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়নের চেয়ারম্যান পরিতোষ কুমার বিশ্বাসকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্যা ওলিয়ার রহমান (৬২) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে নওয়াপাড়ায় গতকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।
যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিজ্জামান বলেন, সুনির্দিষ্ট অভিযোগ এবং তথ্যপ্রমাণের ভিত্তিতে সুন্দলী গ্রামের নিজ বাড়ি থেকে পরিতোষকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবির উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের বলেন, পরিতোষ হত্যাকাণ্ডের ঘটনায় অস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ রয়েছে। এর আগে মনিরামপুর ও অভয়নগর থানা পুলিশের সহায়তায় জাহিদুল ইসলাম ওরফে রুবেল (২২), শিশির মণ্ডল (২৫) ও সূচিত্রা বিশ্বাস (২৮) নামের তিন জনকে আটক করা হয়। পরিতোষ প্রথম আলোর অভয়নগর উপজেলা প্রতিনিধি মাসুদ আলম হত্যা প্রচেষ্টা মামলারও প্রধান আসামি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গঠিত সংগ্রাম কমিটির ডাকে গতকাল সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, পেশাজীবী, শ্রমজীবী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা যশোর-খুলনা মহাসড়কে অবস্থান নেন। শহরের প্রেমবাগ থেকে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে রাখেন লোকজন। এ সময় মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। হরতালে নওয়াপাড়ার সব ব্যবসা ও ব্যাংক-বিমা প্রতিষ্ঠান বন্ধ ছিল। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। সকাল সাতটায় বিক্ষুব্ধ পিকেটাররা রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে খুলনা থেকে রাজশাহীগামী আন্তনগর ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেস প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে থাকে। পরে বিচারের দাবিতে গঠিত সংগ্রাম কমিটির নেতাদের হস্তক্ষেপে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
দাবি বাস্তবায়নে নওয়াপাড়া বাজারের নূরবাগ এলাকায় সমাবেশ হয়। এতে সংগ্রাম কমিটির আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক, নওয়াপাড়া পৌরসভার মেয়র ও শ্রমজীবী সমন্বয় পরিষদের সভাপতি রবিউল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোস্তফা আহমেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি মোল্যা হাবিবুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন প্রমুখ।
সংগ্রাম কমিটির আহ্বায়ক আবদুল মালেক বলেন, হরতালে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে পরিকল্পনাকারীদের মুখোশ উন্মোচন করতে হবে। এ ব্যাপারে প্রশাসন ব্যর্থ হলে নওয়াপাড়াসহ গোটা অভয়নগর উপজেলা অচল করে দেওয়া হবে।
মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ার রহমান নওয়াপড়ার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এ ছাড়া তিনি খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার অভয়নগর প্রতিনিধি, অভয়নগর নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদ এবং নওয়াপাড়া ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। গত ২৩ নভেম্বর উপজেলা পরিষদের কাছে নওয়াপাড়া বাইপাস সড়কে সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন।