ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আহমেদের বাড়িতে গুলিবিদ্ধ ফরহাদ হোসেন ওরফে শিবলু (৩২) নামের এক যুবক বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন৷ গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে৷ ফিরোজ আহমেদ বগুড়া-২ আসনের জাতীয় পার্টির সাংসদ শরিফুল ইসলামের শ্যালক৷
ফরহাদ হোসেন বগুড়া শহরের মালতিনগর মাটির মসজিদ এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে৷ এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ফিরোজ আহমেদ ও ফরহাদের সহযোগী আবু সায়েমকে গ্রেপ্তার করেছে৷ বেলা তিনটার দিকে হাসপাতাল থেকে আবু সায়েমকে ও বিকেল পাঁচটার দিকে ফিরোজ আহমেদকে আটক করে পুলিশ৷ পরে তাঁদের অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়৷ ফিরোজ আহমেদকে গ্রেপ্তারের খবরে তাঁর সমর্থকেরা সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মহাস্থান এলাকায় অবরোধ করেন৷ আধা ঘণ্টা পর পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়৷
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, বেলা একটার দিকে একটি ব্যক্তিগত গাড়িতে করে দুজন ব্যক্তি গুলিবিদ্ধ ফরহাদকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুির বিভাগে নামিয়ে দিয়ে যান৷ ঘণ্টা খানেক পর ফরহাদ মারা যান৷
বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, পুলিশের কাছে খবর ছিল, ফিরোজ আহমেদের ব্যক্তিগত গাড়িতে করে গুলিবিদ্ধ ওই যুবককে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে৷ ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে৷
বগুড়ার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান জানান, আবু সায়েমকে নিয়ে সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের ঘাগুর দুয়ার গ্রামে ফিরোজ আহমেদের বাড়িতে অভিযান চালানো হয়৷ বাড়ির একটি ঘরের মেঝেতে ছোপ ছোপ রক্তসহ বিস্ফোরণের আলামত নিশ্চিত হওয়া গেছে৷ স্থানীয় লোকজনও গুলির শব্দ পাওয়ার কথা বলেছেন৷ তবে ওই অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি৷ সেখানে ফরহাদ হোসেন কেন গিয়েছিলেন এবং কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি৷