ইউপি চেয়ারম্যান ছয় ঘণ্টা অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও চার দফাদার-গ্রামপুলিশকে ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে জনতা। অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক এক তরুণকে পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগে এলাকাবাসী তাঁদের ইউপি ভবনে অবরোধ করে রাখে।পরে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাত ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে চার দফাদার ও গ্রামপুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করেন। ইউপি চেয়ারম্যান এনামূল হক প্রধান সাত দিনের মধ্যে ওই ছেলেকে উদ্ধার করে বিয়ে দেওয়ার নিশ্চয়তা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার সকালে ওই এলাকার এক হিন্দু তরুণ (২০) একই গ্রামের এক বাড়িতে গিয়ে মুসলমান কিশোরীর (১৭) সঙ্গে সময় কাটানোয় এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাদের থানায় না নিয়ে স্থানীয়ভাবে আপস-মীমাংসা করে দেওয়ার জন্য ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেন।চেয়ারম্যান ওই তরুণ ও কিশোরীর ইচ্ছায় গত বৃহস্পতিবার বিয়ের উদ্যোগ নেন। ইউপির পৃথক দুটি কক্ষে তাদের তালাবদ্ধ করে রাখা হয়। তিনি একজন দফাদার ও তিনজন গ্রামপুলিশকে পাহারার দায়িত্ব দেন। কিন্তু ওই তরুণ বিয়ের দিন রাতে ওই কক্ষ থেকে রহস্যজনকভাবে পালিয়ে যান। ওই যুবককে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগ এনে এলাকাবাসী বৃহস্পতিবার সকালে ইউপি চেয়ারম্যানের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। অবশেষে সন্ধ্যা ছয়টার দিকে এলাকাবাসী ইউপি চেয়ারম্যানকে অবরুদ্ধ করে।চেয়ারম্যান এনামূল হক বলেন, ছেলে-মেয়ের ইচ্ছায় শুক্রবার মুসলিম বিধানমতে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু রাতে ছেলেটি পালিয়ে গেছে। এ জন্য এক দফাদারসহ তিন গ্রামপুলিশকে আটক করে রাখা হয়েছে।গ্রামপুলিশ মো. শাহাজান আলী বলেন, ‘টয়লেটের ভেন্টিলেটর দিয়ে ছেলেটি পালিয়ে গেছে।’ ইউএনও আনোয়ার ইমাম বলেন, চার দফাদার ও গ্রামপুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে—এমন ঘোষণা দিয়ে ইউপি চেয়ারম্যানকে উদ্ধার করা হয়।