ইউপি চেয়ারম্যান জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামছুল হুদাকে গত মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এর আগে সালিসের নামে পশ্চিম বাইশপুকুর গ্রামে বাবা-ছেলেকে নাকে খত দিয়ে বাবার গলায় জুতার মালা দিয়ে ঘোরানো এবং পরিবারের নারীদের শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা হয়। গত সোমবার রাতে ডিমলা থানা পুলিশ ওই ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করে।এলাকাবাসী সূত্র জানায়, পাশ্চিম বাইশপুকুর গ্রামের আবদুল মজিদের ছেলে রবিউল ইসলামের সঙ্গে একই গ্রামের জেল হোসেনের মেয়ে শাহেরার প্রায় দুই বছর আগে বিয়ে হয়। অভিযোগমতে, পারিবারিক কলহের জের ধরে শাহেরা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসেন। সম্প্রতি তিনি শ্বশুরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন ইউপি চেয়ারম্যানের কাছে।গত শনিবার দুপুরে ইউপি চেয়ারম্যান গ্রামপুলিশ দিয়ে জোর করে আবদুল মজিদকে পুত্রবধূ শাহেরার বাড়িসংলগ্ন আবদুল মজিদের বাড়িতে নিয়ে আসেন। আবদুুল মজিদ ও তাঁর ছেলে রবিউলকে নাকে খত দিতে বলেন ইউপি চেয়ারম্যান। এ সময় রবিউল তাঁর স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ মিথ্যা বলে প্রতিবাদ করলে তাঁকেসহ তাঁর বাবার হাত বেঁধে নাকে খত দিতে বাধ্য করা হয়। এরপর আবদুল মজিদের গলায় জুতার মালা পরিয়ে এলাকা ঘোরানো হয়।এর প্রতিবাদ করায় চেয়ারম্যানের লোকজন রবিউলের মা মর্জিনা বেগম, সৎমা আলেয়া বেগম, রবিউলের ফুফু জাহেদা বেগম, জাহেদার স্বামী আজগার আলী ও মেয়ে লাইলি বেগমকে বেদম মারপিট করেন।এ ব্যাপারে আবদুুল মজিদ বাদী হয়ে ইউপি চেয়ারম্যানসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০-৩০ জনকে আসামি করে গত সোমবার বিকেলে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই দিন সন্ধ্যায় ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করে।ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আবদুল মজিদের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত অপর আসামিরা পলাতক রয়েছেন।