ইউপি চেয়ারম্যান বিক্রি করলেন রাস্তার গাছ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের নয়টি রাস্তার দুই পাশের তিন শতাধিক শিশু ও ইউক্যালিপটাস গাছ গত এক সপ্তাহে কেটে সাবাড় করা হয়েছে। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা গোলাম রসুল ওরফে বাবু এসব গাছ বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ গত বুধবার রাতে গাছবোঝাই একটি ট্রলি (ট্রাক্টর) আটক করেছে।গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিন দেখা গেছে, ইউনিয়নের সাদুরিয়া-ভাটরা হয়ে কোকতাড়া, হরিহরপুর-মনসাপুর, জাংগই বাজার-হরিহরপুর, ইসবপুর-হরিহরপুর, কাকডিমা-সাদুরিয়া-পশ্চিম জাংগই, মুর্শিদপুর-পাঠানপাড়া, ধাওয়ানশিপুর-রিকাবী-চকচকা, বাশমুড়ি-জোতবানি, আলীহাট হয়ে বারো আড়িয়া রাস্তার দুই পাশে লাগানো তিন শতাধিক মরা এবং তাজা শিশু ও ইউক্যালিপটাস গাছ কেটে সাবাড় করা হয়েছে। আলীহাট ইউনিয়নের বাসিন্দা বুলু মিয়া, শামসুল আলম ও রশিদুল ইসলাম জানান, ঈদের দুই দিন আগে থেকে হরিহরপুর গ্রামের আলতাফ হোসেন, সানোয়ার হোসেন এবং পালশার আনিছুর রহমান তাজা ও মরা মিলে তিন শতাধিক শিশু ও ইউক্যালিপটাস গাছ কেটে নিয়েছেন। গাছ কাটার কারণ জানতে চাইলে তাঁরা ইউপি চেয়ারম্যান বাবুর কাছ থেকে গাছগুলো কিনে নিয়েছেন বলে জানান। আলতাফ হোসেন চেয়ারম্যান বাবুর কাছ থেকে ৮০টি মরা শিশু ও ইউক্যালিপটাস গাছ ২৬ হাজার টাকায় কিনে নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আমি তাজা গাছ কাটিনি।’ সানোয়ার হোসেন তাজা গাছ কেটে নেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘আমি চেয়ারম্যানের কাছ থেকে কিনে শুধু ৫৯টি মরা গাছ কেটেছি।’ তবে আনিছুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।বেসরকারি সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের (এনডিসি) নির্বাহী পরিচালক দেওয়ান কামরুজ্জামান বলেন, ‘১৯৯৭-৯৮ অর্থবছরে ওসব রাস্তায় গাছগুলো রোপণ করা হয়। স্থানীয় লোকজনকে (উপকারভোগী) গাছগুলো দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। একজন উপকারভোগী তাঁর অধীনে থাকা গাছ বিক্রির মোট অর্থের ৬০ ভাগ, সংশ্লিষ্ট এনজিও ২০ ভাগ এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ ২০ ভাগ পাবে। কিন্তু ইতিমধ্যে আলীহাট ইউপির চেয়ারম্যান গাছগুলো গোপনে কিছু লোকের কাছে বিক্রি করে অন্যায় করেছেন। এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছি।’ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবু সুফিয়ান বলেন, ‘ইউনিয়ন পরিষদে রাস্তার গাছ বিক্রি বা কাটার কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু কী করে চেয়ারম্যান গাছ বিক্রি করছেন, তা আমরা জানি না।’থানার পরিদর্শক (তদন্ত) শম্ভুনাথ দাশ জানান, ঈদের দিন রাত ১১টার দিকে খবর পেয়ে একটি ট্রলিবোঝাই ২৫টি তাজা গাছ উদ্ধার করা হয়। ইউপি চেয়ারম্যান গোলাম রসুল ওরফে বাবু গতকাল শনিবার বলেন, ‘সম্প্রতি দায়িত্ব নেওয়ার পর এনডিসি ও উপকারভোগীদের মাধ্যমে ইউনিয়নের বেশ কয়েকটি রাস্তার শতাধিক মরা গাছ বিক্রি করেছি। এখন যে গাছ বিক্রি বা কাটার অভিযোগ করা হচ্ছে, তাতে আমার কোনো সম্পৃক্ততা নেই।’