ইউপি চেয়ারম্যান-সদস্য দ্বন্দ্বে ফেরত গেল ৪২ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের দ্বন্দ্বে গত অর্থবছরে (২০১৬-১৭) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীন গ্রামীণ উন্নয়ন কর্মসূচির কোনো প্রকল্প বাস্তবায়িত হয়নি। ফলে ফেরত গেছে এসব প্রকল্পের বিপরীতে সরকারি বরাদ্দের ৪১ লাখ ৫৯ হাজার টাকা। ইতিমধ্যে সদস্যদের অনাস্থার কারণে ওই চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, প্রকল্পের তালিকা প্রস্তুত করতে পারেনি শাহবন্দেগী ইউপি। এ কারণে সেখানে কোনো প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ৪১ লাখ ৫৯ হাজার টাকার বিপরীতে উন্নয়ন কর্মসূচির মধ্যে ছিল গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা), গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর), ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নসহ গ্রামীণ সড়ক তৈরি ও সংস্কার উন্নয়ন, বিভিন্ন প্রতিষ্ঠানে সৌর প্যানেল স্থাপন ও অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থানে ৪০ দিনের কর্মসূচি বাস্তবায়ন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন্নাহার শিউলী বলেন, আল আমীন ইউপি চেয়ারম্যানের দায়িত্বে থাকা অবস্থায় ওই টাকার বিপরীতে প্রকল্পের তালিকা প্রস্তুত করার জন্য তাঁর কাছে একাধিকবার চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু তিনি কোনো চিঠিই গ্রহণ করেননি।
শাহবন্দেগী ইউপির সচিব আবদুস সালাম গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত অর্থবছরে ইউপি চেয়ারম্যান মো. আল আমীন সাত-আট মাস ধরে পরিষদে অনুপস্থিত ছিলেন। চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মধ্যে সমন্বয়হীনতার কারণে ওই সব প্রকল্পের বিপরীতে কোনো তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট উপজেলা দপ্তরে জমা দেওয়া সম্ভব হয়নি। এ কারণে কোনো প্রকল্পও বাস্তবায়িত হয়নি।
আবদুস সালাম আরও বলেন, ১২ জন সদস্য গত ফেব্রুয়ারিতে চেয়ারম্যান আল আমীনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। ১৫ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সেটি অনুমোদিত হয়েছে। বর্তমানে ৬ নম্বর ওয়ার্ড সদস্য মাহমুদুল হাসান ১ নম্বর প্যানেল চেয়ারম্যান হিসেবে রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলাম বলেন, মন্ত্রণালয়ে সদস্যদের আনা অনাস্থা প্রস্তাব অনুমোদিত হওয়ার পর তিনি গত ১৯ জুন এক বিজ্ঞপ্তিতে শাহবন্দেগী ইউপির চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করেছেন।
শাহবন্দেগী ইউপির ১ নম্বর প্যানেল চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, আল আমীন পরিষদ থেকে দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন। চেয়ারম্যান দায়িত্বে থাকা অবস্থায় প্রকল্পগুলোর তালিকা প্রস্তুত করা নিয়ে সদস্যদের নিয়ে তিনি কোনো সভাও করেননি। তিনি সমন্বয় না করে ইচ্ছেমতো কাজ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এ অভিযোগ অস্বীকার করে আল আমীন বলেন, তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সদস্যদের নিয়ে ওই টাকার বিপরীতে একাধিক প্রকল্প তৈরি করেছিলেন। কিন্তু প্রকল্পগুলোয় ইউপি সদস্যরা একমত না হওয়ায় কমিটি তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে সময়মতো জমা দিতে পারেননি।