ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
গাইবান্ধার সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউিপ) চেয়ারম্যান মাহাবুবুর রহমান ওরফে টুলুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১৯ অক্টোবর এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার শাখার উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে ওই বরখাস্তের কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়, ২০১৫ সালের ১৪ জানুয়ারি ইউপি চেয়ারম্যান মাহাবুবুরের বিরুদ্ধে সদর থানায় নাশকতার অভিযোগে মামলা হয়। ওই মামলায় তাঁর বিরুদ্ধে আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। আদালত অভিযোগপত্র গ্রহণ করায় তাঁর দ্বারা ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী বলে সরকার মনে করে। তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
বরখাস্তের ওই আদেশের কপি জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান মাহাবুবুরের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বরখাস্তের চিঠির অনুলিপি পাওয়ার কথা স্বীকার করে ইউএনও আশরাফুল মমিন খান গতকাল শনিবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে ওই চিঠি হাতে পেয়েছি। নিয়ম অনুযায়ী ওই ইউনিয়ন পরিষদের সদস্যকে চেয়ারম্যানের দায়িত্ব প্রদানের প্রক্রিয়া চলছে।’