ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাতের অভিযোগে বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এ কে এম নূরুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে গতকাল রোববার এই বরখাস্ত আদেশ দেওয়া হয়।
বরগুনা জেলা প্রশাসকের কাছে পাঠানো ওই আদেশে বলা হয়, এ কে এম নূরুল হকের বিরুদ্ধে ইউপির অর্থ আত্মসাৎ-সংক্রান্ত ছয়টি অভিযোগ উত্থাপিত হয়। এর মধ্যে তদন্তে তিনটি অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। সে জন্য এই চেয়ারম্যানের দ্বারা ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী বলে সরকার মনে করে। এ জন্য চেয়ারম্যান এ কে এম নূরুল হককে স্থানীয় সরকার আইন অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
যোগাযোগ করা হলে এ কে এম নূরুল হক গতকাল রোববার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমি মৌখিকভাবে বরখাস্তের খবর শুনেছি। তবে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাইনি। চিঠি পাওয়ার পর এ বিষয়ে আইনি পদক্ষেপ নেব।’
বরগুনা জেলা প্রশাসক মুহা বশিরুল আলম বলেন, ‘এখন পর্যন্ত মন্ত্রণালয়ের বরখাস্তের কোনো চিঠি আমি হাতে পাইনি। খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা নেব।’
এ কে এম নূরুল হক বরগুনা জেলা বিএনপির সাবেক সদস্য। তবে বর্তমানে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত না থাকলেও আনুষ্ঠানিকভাবে তিনি কোনো দলে যোগ দেননি। বছর খানেক ধরে তিনি আমতলী উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে বেশ ঘনিষ্ঠতা রেখে চলছেন।