ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদ হত্যা মামলার ৪ নম্বর আসামি ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জব্বারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।উপজেলা প্রশাসন সূত্র জানায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব কামরুন্নাহারের স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি ১৬ জুন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়। জব্বারের বিরুদ্ধে ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাঁকে পরিষদের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থে সমীচীন নয় বলে চিঠিতে উল্লেখ করা হয়। দলীয় কোন্দলে গত বছরের ২১ অক্টোবর সন্ধ্যায় থানা ভবনের অদূরে খুন হন ইকবাল আজাদ। পরদিন তাঁর ছোট ভাই এ কে এম জাহাঙ্গীর আজাদ বাদী হয়ে আওয়ামী লীগের উপজেলা সভাপতি আবদুল হালিম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, যুবলীগের আহ্বায়ক মাহফুজ আলী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফেজুল আসাদসহ ২২ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৮-১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। দুই মাস পর পুলিশ এজাহারভুক্ত ২২ নেতা-কর্মীসহ ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বর্তমানে মামলাটি চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন।ইউএনও মোহাম্মদ এমরান হোসেন আবদুল জব্বারের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।