ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় বাদীর নারাজি আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়ার নলুয়ার ইউপি চেয়ারম্যান নুরুল আবছার হত্যা মামলায় দাখিল হওয়া অভিযোগপত্রের ওপর নারাজি দিয়েছেন বাদী। মামলার আসামি সাতকানিয়ার উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফসহ ছয়জনকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়ায় গতকাল মঙ্গলবার বাদী আহম্মদ হোসেন এই নারাজি আবেদন করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের আদালতে নারাজি দিয়ে মামলাটি অধিকতর তদন্তের আবেদন জানান বাদী। ২৯ আগস্ট পরবর্তী শুনানির দিনে নারাজি আবেদন নিয়ে আদেশ দেওয়া হবে বলে জানা গেছে।সরকারপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আবুল হাশেম বলেন, বাদী অভিযোগপত্রের ওপর নারাজি আবেদন দিয়ে পুনঃ তদন্তের আবেদন জানিয়েছেন। এর আগে গত ১০ জুলাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির সহকারী পুলিশ সুপার হ্লা চি প্রু আদালতে নয়জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগ থেকে আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফ ও থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ওসমান গনি চৌধুরীসহ ছয়জনকে অব্যাহতি দেওয়া হয়। এ নিয়ে গত ১৭ জুলাই ‘অভিযোগপত্রে আওয়ামী লীগের দুই নেতার নাম বাদ’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়েছিল। উল্লেখ্য, ২০১১ সালের ২৫ ডিসেম্বর রাত দেড়টার দিকে নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবছারকে ঘরের ছাদের খোলা বারান্দায় গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার পর ২৭ ডিসেম্বর সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন আবছারের বাবা আহম্মদ হোসেন। ওই মামলার এজাহারে মোনাফ, ওসমান, সরোয়ার ও আবু তাহেরকে আসামি করা হয়।