ইউপি চেয়ারম্যান হত্যার ঘটনায় নবাবগঞ্জে সাতজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ও তাঁর সঙ্গীকে হত্যার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মো. জায়েদ আলী (৫৭), শরিফুল ইসলাম (২৮), মেজবুল আলম চৌধুরী ও রতিবর চৌধুরী (৪৫) এজাহারভুক্ত আসামি।গত শনিবার রাতে উপজেলা পরিষদ থেকে মোটরসাইকেলে চড়ে রামভদ্রপুরে নিজ বাড়িতে ফেরার পথে ডাংশারঘাট এলাকায় দুর্বৃত্তরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও তাঁর সঙ্গী এনামুলকে কুপিয়ে হত্যা করে। রোববার রাতে নিহত চেয়ারম্যানের মেজো ভাই নাজিমুদ্দিন বাদী হয়ে ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। জানা গেছে, ঘটনার পরদিন সকালে রামভদ্রপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তারা সন্দেহভাজন হত্যাকারীদের তিনটি বাড়ি ভাঙচুর করেন। স্থানীয় ব্যক্তিরা রোববার দুপুরে দুজনের বাড়ি থেকে রক্তমাখা লুঙ্গি ও জিনসের প্যান্ট উদ্ধার করে পুলিশকে দিয়েছে। ওই গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রক্তমাখা কাপড় থানায় জমা রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে কাপড়গুলো এ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত কি না।