ইউপি চেয়ারম্যান হত্যার প্রতিবাদে মানববন্ধন
খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আবু সাঈদ বাদল হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দামোদর মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়কের পথেরবাজার থেকে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এই মানববন্ধন করা হয়।মানববন্ধন চলাকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নিহত বাদলের ভাই ও ফুলতলা উপজেলা চেয়ারম্যান সরদার আলাউদ্দীন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রফুল্ল কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক আবদুল হালিম, মশিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গাউস, যুবলীগের নেতা সরদার জাকির হোসেন, সরদার ইদ্রিস, ইসমাইল হোসেন, রেজাউল ইসলাম, মনিরুল ইসলাম, কামরুন নাহার, রফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা শিগগিরই বাদল হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। গত ১৬ আগস্ট বেলা পৌনে ১১টার দিকে ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দামোদর মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সরদার আবু সাঈদ বাদল পরিষদ কার্যালয়ে যাওয়ার পথে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে নিহত হন। এই হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া বোমারু মামুন ওরফে আল মামুন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও পুলিশ এখনো মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।