ইউপি চেয়ারম্যানকে অবরুদ্ধ করে হামলা মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে সামাজিক বিচার চলাকালে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ পাওয়া গেছে। ইউপি চেয়ারম্যান কমলগঞ্জ থানায় মামলা করলে পুলিশ তাৎক্ষণিক একজনকে গ্রেপ্তার করে। গত সোমবার রাত ১১টার দিকে ইউনিয়নের উপজেলা বাজারে চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া অভিযোগ করে বলেন, তাঁর ইউনিয়নের একটি সন্ত্রাসী চক্র বনদস্যুদের মদদ দিচ্ছে। ফলে আদমপুরে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটছে। এ পরিপ্রেক্ষিতে সোমবার রাত ১১টায় উপজেলা বাজারে তাঁর অস্থায়ী কার্যালয়ে একটি সামাজিক বিচার চলছিল। বিচারকাজ শেষ হওয়ার পর এলাকার বনদস্যু ছলিম মিয়া, কলিম, কালা মিয়া, জমশেদ মিয়া, ইজাদ মিয়া, কবির মিয়া, শফিক মিয়া, হেকিম মিয়া, আলিম মিয়া, নাজিম মিয়া, বাহা উদ্দীন ও সুন্দর মিয়া আকস্মিকভাবে এসে তাঁকে (চেয়ারম্যানকে) অবরুদ্ধ করেন। চারদিক থেকে তাঁর ওপর ইটপাটকেল ছোড়া হয়। বিচার অনুষ্ঠানে থাকা লোকজন প্রতিহত করতে গেলে হামলাকারী বনদস্যুরা তাঁদের মারধর করে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।বিষয়টি ইউপি চেয়ারম্যান কমলগঞ্জ থানাকে অবহিত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং এ ঘটনায় জড়িত অভিযোগে কলিম মিয়াকে গ্রেপ্তার করে।সাব্বির আহমদ ভূঁইয়া জানান, এ ঘটনায় সোমবার রাতেই তিনি কমলগঞ্জ থানায় একটি মামলা করেন। কমলগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৫৪ ধারায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সরেজমিনে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।