লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে ডেকে নিয়ে নুর মোহাম্মদ (৭২) নামের একজন মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগে মামলা হয়েছে।
গত সোমবার রাতে ৫ জনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় এই মামলা করেন মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২-৩ জনকে।
মামলার আসামিরা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উত্তর জয়পুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উত্তর জয়পুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান, ইউপি সদস্য হারুন ও পরান এবং চৌকিদার আবদুল্লা।
নুর মোহাম্মদ বলেন, সম্প্রতি তিনিসহ কয়েকজন মুক্তিযোদ্ধা উত্তর জয়পুর ইউনিয়নের ভুয়া মুক্তিযোদ্ধাদের একটি তালিকা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেন। এ ঘটনায় ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান গত শনিবার তাঁকে কার্যালয়ে ডেকে নেন। এরপর তাঁকে মারধর করা হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন: গতকাল মঙ্গলবার দুপুরে উত্তর জয়পুর ইউপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৩১ ডিসেম্বর নুর মোহাম্মদের নেতৃত্বে ইউপি কার্যালয়ের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জায়গা দখলের চেষ্টা করা হয়। এ বিষয়ে জানতে তাঁকে কার্যালয়ে ডেকে আনা হয়। ওই সময় নুর মোহাম্মদ ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর হামলার চেষ্টা করেন। পরে তিনি প্রতিরোধের মুখে কার্যালয়ের একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। এরপর কক্ষের জানালা ভেঙে গাছ বেয়ে পালাতে গিয়ে তিনি আহত হন। পরে কল্পকাহিনি সাজিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধা নুর নবী, বদিউজ্জামান প্রমুখ।