ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম
রাজবাড়ীতে জেলা বিএনপির সহসভাপতি ও পাংশা উপজেলার কলিমোহন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্কাস আলীকে কুপিয়ে জখম করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে শহরের প্রধান সড়কে অংকুর স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।
রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা আক্কাস আলী জানান, তিনি শহরের সমবায় মার্কেটের নিজ চেম্বার থেকে বড়পুলের বাড়িতে যাওয়ার উদ্দেশে রাত সোয়া নয়টায় বের হন। রিকশায় করে অংকুর স্কুল অ্যান্ড কলেজের কাছে পৌঁছালে রাস্তার অপর পাশ থেকে এক মুখোশধারী এসে রিকশার গতি রোধ করে। তিনি কিছু বুঝে ওঠার আগেই মুখোশধারী লোক কুড়াল দিয়ে তাঁর মাথায় একটি কোপ দেয়। তিনি রিকশা থেকে নেমে দৌড় দিলে কিছুদূর গিয়ে পড়ে যান। এ সময় দুর্বৃত্তরা তাঁকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটায় ও কুপিয়ে দুই পায়ে জখম করে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা অদূরে দাঁড়িয়ে থাকা আরও চার-পাঁচজনের সঙ্গে শহরের দিকে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, এ ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি। মামলা দায়েরের পর অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।