ইউপি চেয়ারম্যানকে ট্রাকচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবর রহমানকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মজিবর রহমান বলেছেন, গতকাল শুক্রবার দুপুরে তাঁকে বহনকারী তাঁর ব্যক্তিগত গাড়িকে (প্রাইভেট কার) একটি ট্রাক দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়। চেয়ারম্যান ও তাঁর গাড়ির চালক আহত হয়েছেন। ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে গেছেন। মাদারীপুর সদর থানার পুলিশ ট্রাক ও ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটি থানায় নিয়ে আসে। চেয়ারম্যানের পরিবার ও থানার পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে শিরখাড়া থেকে মজিবর রহমান মাদারীপুর শহরে আসছিলেন। শহরের আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের কাছে আসার পর রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক হঠাৎ ছুটে এসে তাঁর গাড়িকে আঘাত করে। এতে গাড়ির সামনের দিকে দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় আহত মজিবর রহমানকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর মাদারীপুর শহরের বাসায় নিয়ে যাওয়া হয়।মজিবর রহমান বলেন, ‘আমি পর পর পাঁচবার চেয়ারমান নির্বাচিত হওয়ায় আমার বিরোধী পক্ষ এর আগে তিনবার আমাকে হত্যা করতে চেয়েছে। চতুর্থবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আমার ভাই রাজ্জাক হাওলাদারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। আজ ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করেছিল। আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি। বিষয়টি নিয়ে আমি আদালতে যাব।’ মাদারীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী বলেছেন, ট্রাকের চালক পলাতক রয়েছেন। ট্রাকের গায়ে লেখা মুঠোফোন নম্বর অনুযায়ী যোগাযোগ করা হলে ওপাশ থেকে জানানো হয়, গাড়িটি ফরিদপুরের কোমরপুর এলাকার। এর মালিক আসিক হোসেন। গাড়িটি মাদারীপুরে মাটি কাটা ও বালু উত্তোলনের কাজে ভাড়ায় খাটত। গতকাল আসিক হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গাড়িটি যে দুর্ঘটনা ঘটিয়েছে তা তিনি জানেন না।