ইউপি চেয়ারম্যানকে পিটুনি দিয়েছে এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া আবদুর রশিদ চুন্নু মিয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা বিএনপির নেতা চুন্নু মিয়াকে গালাগালের অভিযোগে কাছিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা লুত্ফর রহমানকে পিটুনি দিয়েছে এলাকাবাসী। তাঁকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার সকাল নয়টার দিকে কাছিপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, সকালে ওই বাজার এলাকায় পটুয়াখালী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়াকে স্থানীয় আওয়ামী লীগ নেতা লুত্ফর রহমান অকথ্য ভাষায় গালাগালি করেন। এতে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী তাঁকে পিটুনি ও ধাওয়া দেয়। এ সময় তিনি আত্মরক্ষার্থে দৌড়ে একটি দোকানে আশ্রয় নিতে গিয়ে মাথায় আঘাত পান। পরে তাঁকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) লুত্ফর রহমান বলেন, সরেজমিন গিয়ে তিনি এ রকম তথ্যই পেয়েছেন। তবে মো. লুত্ফর রহমান গালাগালের বিষয়টি অস্বীকার করে বলেন, পূর্ববিরোধের জের ধরে চুন্নু মিয়ার লোকজন এ ঘটনা ঘটিয়েছে। তিনি এ ব্যাপারে আইনের আশ্রয় নেবেন।