ইউপি চেয়ারম্যানকে মিথ্যা অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করে মিথ্যা অস্ত্র মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী দিল আফরোজ মুন্নি।
গতকাল শনিবার ফেনী শহরের একটি রেস্তোরাঁর মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
গত ২ জুন রাতে আবুল কালাম আজাদ, চরদরবেশ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ও তাঁদের বহনকারী অটোরিকশার চালককে গ্রেপ্তার করে র্যাব। র্যাবের ভাষ্যমতে, ফেনীর ট্রাংক রোড থেকে গ্রেপ্তারের সময় আবুল কালামের পকেটে অস্ত্র পাওয়া যায়। পরে তাঁর বাড়ি থেকেও অস্ত্র উদ্ধার করা হয়।
দিল আফরোজ বলেন, তাঁর স্বামী বলেছেন, তাঁর পকেটে অস্ত্র ঢুকিয়ে দিয়ে অস্ত্র উদ্ধার দেখানো হয়েছে। এ ছাড়া র্যাব সদস্যরা বাইরে থেকে ব্যাগে করে অস্ত্র নিয়ে ওই রাতে তাঁদের গ্রামের বাড়ি গিয়ে সেখান থেকেও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করে। এ ঘটনায় তিনি বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।
দিল আফরোজ বলেন, তাঁর স্বামী দুবারের নির্বাচিত চেয়ারম্যান। গত ৪ জুন অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নৌকা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম ওরফে ভুট্টু ও তাঁর সমর্থকেরা তাঁর (দিল আফরোজ) স্বামীকে নির্বাচন থেকে সরে যেতে নানাভাবে হুমকি দেয়। কিন্তু সরাতে না পেরে নির্বাচনের দুই দিন আগে তাঁর স্বামীকে ষড়যন্ত্রমূলক গ্রেপ্তার ও মিথ্যা অস্ত্র মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়।
সংবাদ সম্মেলনে দিল আফরোজের মা দৌলত বিয়া, তাঁর সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলে মিনহাজ কালাম শিশির ও প্রথম শ্রেণিতে পড়ুয়া ছেলে সামিউল কালাম শ্রাবণ উপস্থিত ছিলেন।
ইউপি নির্বাচনে আবুল কালামের প্রতিদ্বন্দ্বী নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম অভিযোগ অস্বীকার করে বলেন, আবুল কালাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর কাছে ও তাঁর বাড়িতে অস্ত্র পাওয়া গেছে।