ইউপি চেয়ারম্যানকে হত্যার চেষ্টার অভিযোগে মামলা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ঘরে ঢুকে দরিকান্দি ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে পাঁচজনের নামে মামলা করা হয়েছে। গত শুক্রবার রাত ১০টার দিকে ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলামের স্ত্রী সুমনা ইসলাম বাদী হয়ে স্থানীয় থানায় মামলা করেন।
ওই মামলার প্রধান আসামি উপজেলার সাহেবনগর গ্রামের রফিকুল হক। অপর আসামিরা হলেন রফিকুল হকের স্ত্রী হোসনে আরা, তাঁর শ্বশুর মিলন মিয়া, শাশুড়ি বেবী বেগম এবং দরিকান্দি ইউনিয়নের গোপালনগরের কবির হোসেন। ইউপি চেয়ারম্যান এখন ঢাকার অ্যাপেলো হাসপাতালের আইসিইউতে আছে। তাঁর অবস্থার উন্নতি হচ্ছে।
মামলার বাদী অভিযোগ করেন, ‘আমার স্বামীর সঙ্গে বাবুর কোনো বিরোধ ছিল না। কিন্তু ঝগড়ার কারণে কিছুদিন আগে বাবুর স্ত্রী হোসনে আরা বাবার বাড়িতে চলে আসেন। সেই বিরোধ মেটাতে কথা বলতেই বাবু সেদিন (গত শুক্রবার) বাড়িতে এসে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে যান। পরক্ষণে ফিরে এসেই বাবু পিস্তল দিয়ে আমার স্বামীর ওপর গুলি চালান। তবে আমার মনে হচ্ছে, নির্বাচনে আমাদের প্রতিপক্ষের ইঙ্গিতে বাবু স্ত্রীর সমস্যার কথা বলে কৌশলে আমার স্বামীকে হত্যার চেষ্টা চালান।’