ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি যুবলীগ নেতাদের বিরুদ্ধে জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে এক স্কুলশিক্ষককে অপহরণের মামলায় যুবলীগ নেতাদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় তাঁরা আওয়ামী লীগ নেতা ও মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুল বারীকে হত্যার হুমকি দিয়েছেন। এ ব্যাপারে চেয়ারম্যান গত বৃহস্পতিবার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ও যুবলীগ নেতা শাহাদত হোসেনসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে ধুনট থানায় সাধারণ ডায়েরি করেছেন। মামলা, সাধারণ ডায়েরি ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রামপুরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হামিদকে বুধবার দুপুরে যুবলীগের সন্ত্রাসীরা ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করেন। উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের হস্তক্ষেপে তিন ঘণ্টা পর তাঁকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আবদুল হামিদ বুধবার রাতে উপজেলা যুবলীগের সহসভাপতি আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সদস্য উত্তম, টিপু, সুজন, ফরহাদ, ইজুল, পারভেজ ও আওয়ামী লীগের সমর্থক সোহরাব আলীসহ নয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় চেয়ারম্যান শামসুল বারীকে সাক্ষী করা হয়েছে। হুমকিদাতা যুবলীগ নেতারা ওই মামলার আসামি। বুধবার রাত ১১টার দিকে শামসুল বারী ও আবদুল হামিদ বাড়ি ফেরার পথে ধুনট-মথুরাপুর রাস্তার চালাপাড়া এলাকায় যুবলীগের কয়েকজন নেতা তাঁদের ধাওয়া করেন। শামসুল বারী বলেন, ‘আমি শিক্ষক অপহরণ মামলায় যুবলীগ নেতাদের বিরুদ্ধে থানায় সাক্ষ্য দেওয়ায় তারা আমাকে হত্যার হুমকি দিয়েছে।’ উপজেলা যুবলীগের সভাপতি মতিউর রহমান বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিরা যুবলীগের নেতা হলেও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আমার কোনো আপত্তি নেই। সন্ত্রাসীরা যুবলীগের নেতা হতে পারে না। আমি তাদের বিরুদ্ধে দলীয়ভাবেও ব্যবস্থা নেব।’ধুনট থানার ওসি মোহাম্মদ ইয়াছিন জানান, শিক্ষক অপহরণ মামলার সাক্ষী হিসেবে চেয়ারম্যানকে হুমকি দেওয়া হয়েছে। অপহরণ মামলার আসামি ও হুমকিদাতাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।