চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকালে আইনশৃঙ্খলা কমিটির সভায় স্থানীয় সাংসদ ও এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম উপস্থিত থাকার প্রতিবাদে সভা বর্জন করেছেন সরকারদলীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত পত্রে ওই সমন্বয় সভায় সব চেয়ারম্যানকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু ওই সভায় কর্নেল অলি আহমদ উপস্থিত থাকার প্রতিবাদে সরকারদলীয় চেয়ারম্যানরা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। সিদ্ধান্ত অনুযায়ী, উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়নের আওয়ামী লীগদলীয় চেয়ারম্যানরা বৃহস্পতিবারের সভায় উপস্থিত হননি। তবে ধোপাছড়ি এবং হাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যানরা এলডিপির সমর্থক হওয়ায় তাঁরা সভায় যোগ দেন। সভা বর্জনকারী চেয়ারম্যানরা হলেন: বরকল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, বরমা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান আবদুল শুক্কুর কোম্পানী, দোহাজারী ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান আহমদুর রহমান, বৈলতলী ইউপি চেয়ারম্যান আহমদ ছৈয়দ চৌধুরী ও জোয়ারা ইউপি চেয়ারম্যান আহমদ হোসেন ফকির।চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান জানান, ‘চেয়ারম্যান নির্বাচিত হওয়ার দীর্ঘ দেড় বছর পেরিয়ে গেলেও এ দীর্ঘ সময়ে তিনি চেয়ারম্যানদের সঙ্গে কোনো বৈঠক করেননি। হঠাৎ করে তিনি বৈঠক ডাকলেও সেই বৈঠকে আমরা যেতে পারি না। সুতরাং, আমরা আওয়ামী লীগদলীয় চেয়ারম্যানরা এ সভা বর্জন করেছি।’