ইউপি চেয়ারম্যানসহ চারজনকে গ্রেপ্তার করেছে দুদক
জালিয়াতি ও অর্থ আত্মসাতের পৃথক মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ চারজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তাঁদের মধ্যে গতকাল বুধবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. নাজিমউদ্দিন রাজধানীর সেগুনবাগিচা থেকে মো. আরিফুর রহমান, মো. সেলিম ও মো. মমিনকে গ্রেপ্তার করেন। গত ২৯ মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় করা জালিয়াতির এক মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়। এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দাতা-গ্রহীতা ও তফসিলভুক্ত সম্পত্তি ভিন্ন হওয়া সত্ত্বেও ৩৫৯৯/তারিখ-২৫-০৫-১৯৯৭-এ সম্পাদিত একটি দলিল নম্বর ব্যবহার করেন।
এদিকে এলজিএসপি-২ প্রকল্পের আওতায় নলকূপ স্থাপন না করে ভুয়া ভাউচারে ১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৫ নম্বর বাদলা ইউপির চেয়ারম্যান মামুন চৌধুরীর বিরুদ্ধে কিশোরগঞ্জের ইটনা থানায় মামলা হয়। মামলার তদন্ত প্রক্রিয়ায় দুদকের ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক নূর আলম চৌধুরী গতকাল মামুনকে গ্রেপ্তার করেন।