ইউপি চেয়ারম্যানসহ তিন মাতবর জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের শিকার এক গৃহবধূকে সমাজ থেকে একঘরে করে রাখার ঘটনায় রংপুরের পীরগাছা উপজেলার এক ইউপি চেয়ারম্যান ও তিন গ্রাম্য মাতবরকে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল সোমবার তাঁরা হাইকোর্টে হাজির হলে আদালত তাঁদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। গত ২৬ এপ্রিল এই বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে আসামিদের গতকাল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কারাগারে পাঠানো আসামিরা হলেন: উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কাদের মণ্ডল, গ্রাম্য মাতবর আবু সিদ্দিক, হাফিজার রহমান ও নূর আলম। এদিকে সালিসের নামে কালক্ষেপণ ও ধর্ষণের আলামত নষ্টের পাঁয়তারা করার অভিযোগে আদালতের নির্দেশে ইউপি চেয়ারম্যান কাদের মণ্ডলের বিরুদ্ধে হাইকোর্টে একটি মামলা হয়েছে। পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম দায়িত্বে কোনো অবহেলা করেছেন কি না, তা-ও তদন্ত করে ব্যবস্থা নিতে রংপুরের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) বিনয় কৃষ্ণ বালাকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও পরিচালককে আগামী ১৫ মে গৃহবধূর ডাক্তারি পরীক্ষার সনদ হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে মামলাটি শুনানি করেন আবু ওবায়দুর রহমান। তাঁকে সহযোগিতা করেন অবন্তী নুরুল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আলতাব হোসেন।