ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে মারধর করেন র্যাব সদস্যরা। এ খবর শুনে তাঁর জামাতা ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে ছুটে গেলে তাঁকেও মারধর করা হয়। এরপর দুজনকেই আটক করে নিয়ে যায় র্যাব। এলাকাবাসীর বিক্ষোভের মুখে তাঁদের ছেড়ে দেওয়া হয়। মাদারীপুরের কালকিনি উপজেলায় গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, র্যাব-৮ মাদারীপুরের একটি দলের সদস্যদের সঙ্গে বরিশালের গৌরনদী উপজেলার বারথী ইউপির সদস্য আরজ আলীর গতকাল বিকেলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে র্যাব সদস্যরা তাঁকে মারধর করেন। খবর পেয়ে আরজ আলীর জামাতা মাদারীপুরের কালকিনির গোপালপুর ইউপির চেয়ারম্যান মীর নাসির উদ্দিন ঘটনাস্থলে গেলে তাঁকেও মারধর করা হয়। এরপর তাঁদের দুজনকে আটক করে নিয়ে যায় র্যাব।এ খবর ছড়িয়ে পড়লে গোপালপুর ইউনিয়নের বিক্ষুব্ধ লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। তাঁরা মিছিল নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা নামক স্থানে গিয়ে দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। এলাকাবাসীর বিক্ষোভের মুখে কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুকের মধ্যস্থতায় সন্ধ্যার দিকে আটক দুজনকে ছেড়ে দেওয়া হয়। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ইউপি চেয়ারম্যান মীর নাসির উদ্দিন বলেন, ‘র্যাব আমার শ্বশুরের সঙ্গে দুর্ব্যবহার করে। খবর পেয়ে আমি গিয়ে জানতে চাইলে তারা আমাকেও মারধর করে। একপর্যায়ে আমাদের দুজনকে আটক করে।’তবে র্যাব-৮ মাদারীপুরের মেজর হাসান দাবি করে বলেন, ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটেছে।