ইউপি চেয়ারম্যানসহ দুজনের লাশ পাওয়া যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় তিন খুনের ঘটনায় কুমারখালী থানায় একটি হত্যা মামলা হয়েছে। গতকাল বুধবার বেলা দুইটার দিকে নিহত ইউপি চেয়ারম্যান নূরুল ইসলামের বড় ভাই আবুল কাশেম বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামি করে মামলাটি করেন। মঙ্গলবারের এ হত্যাকাণ্ডে নূরুল ইসলামসহ দুজনের লাশ গতকাল সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশ বলছে, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে চরমপন্থী সন্ত্রাসীদের হাতে এ তিনজন খুন হয়েছেন। খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘কিছু তথ্য পেয়েছি, আমরা (পুলিশ) সঠিক পথে রয়েছি। আশা করছি এটা বের হয়ে যাবে।’ নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, রাতে কুষ্টিয়া সদর, খোকসা উপজেলায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ছয়জনকে আটক করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করা হয়েছে। এ হত্যা মিশনে পাবনা জেলা, কুষ্টিয়া শহর, খোকসার আমবাড়িয়া গ্রাম ও কুমারখালীর বেশ কিছু ব্যক্তি জড়িত রয়েছে। ঘটনার সময় নৌকায় চেয়ারম্যানের সঙ্গে একজন ছিলেন—যাকে সন্ত্রাসীরা চিনতে পারেনি। সেই ব্যক্তি সন্ত্রাসীদের চিনতে পেরেছেন, তিনি এখন পুলিশের হেফাজতে রয়েছেন। তদন্তের স্বার্থে তাঁর নাম বলা যাচ্ছে না। পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেঞ্চদ বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে পক্ষ-প্রতিপক্ষের কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে। চেয়ারম্যানের ভাতিজা কাইযুম সাংবাদিকদের বলেন, এ বছরের ৫ জানুয়ারি চেয়ারম্যানের বাড়ির পাশে কুঠিপাড়ার চরে মোতালেব নামে এক ব্যক্তি র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। প্রতিপক্ষের ধারণা, এর সঙ্গে চেয়ারম্যানের সম্পৃক্ততা রয়েছে। এর জের ধরে চেয়ারম্যানকে হত্যা করা হতে পারে। এমন সম্পৃক্ততার তথ্যও পুলিশ পেয়েছে বলে এক কর্মকর্তা স্বীকার করেন। গতকাল খোকসার আমবাড়িয়া ইউনিয়ন ঘুরে ও পুলিশ সূত্রে জানা গেছে, আশির দশকে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ত হন নূরুল ইসলাম। পাঁচ বছর পর একসময় তিনি বিদেশে পাড়ি জমান। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় বিদেশ থেকে ফিরে আলোচিত ‘টিক্কা বাহিনী’তে যোগ দেন। সর্বশেষ চরপমন্থী সংগঠন শ্রমজীবী গণমুক্তিফৌজের সদস্য হয়ে কাজ করেন। র‌্যাবের সঙ্গে ক্রসফায়ারে টিক্কা মারা যাওয়ার পর ইসলাম বাহিনী নামে নূরুল ইসলাম নিজেই একটি বাহিনী গঠন করেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে একে-৪৭-সহ পাবনা জেলা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে এসে সাধারণ জীবনযাপন শুরু করেন। ২০১১ সালের জুন মাসে ইউপি নির্বাচনে বর্তমান সাংসদ সুলতানা তরুণের সমর্থনে খোকসার আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, নিহত তিনজনের বিরুদ্ধেই সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মনিরুল ইসলাম কুমারখালী থানায় দুটি মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামি ছিলেন। শিলাইদহ খেয়াঘাটে পদ্মা নদীতে নৌকাভর্তি মানুষের মাঝে মঙ্গলবার বেলা দুইটার দিকে সাত-আটজন অস্ত্রধারী সন্ত্রাসী খোকসার আমবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নূরুল ইসলাম, আমবাড়িয়া গ্রামের আনসার আলী ও মনিরুল ইসলামকে গুলি করে ও গলা কেটে হত্যা করে। এ ঘটনায় আহত মাছ ব্যবসায়ী আজমত আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।