ইউপি চেয়ারম্যানসহ নয়জন জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা ও মারধরের ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ নয়জনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।গতকাল রোববার সুনামগঞ্জের আইনশৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আদালতের বিচারক মোছামঞ্চৎ বিলকিছ আক্তার আসামিদের জেলহাজতে পাঠানোর এই আদেশ দেন।আদালত সূত্র জানায়, গত বছরের ২৭ আগস্ট সংবাদ সংগ্রহ করতে গিয়ে সদর উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে চেয়ারম্যান আবদুস ছাত্তার ও তাঁর লোকজনের হামলা এবং মারধরের শিকার হন একুশে টেলিভিশন ও সকালের খবর-এর জেলা প্রতিনিধি সেজুল হোসেন, দেশ টেলিভিশন ও ভোরের কাগজ-এর প্রতিনিধি জাকির হোসেন এবং দৈনিক খবরপত্র-এর জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক সুনামগঞ্জের কথা পত্রিকার নির্বাহী সম্পাদক আল হেলাল। তাঁদের তিনজনকে গুদামঘরে আটকে বেধড়ক মারধর করা হয়। পরে শহর থেকে প্রশাসন ও পুলিশের লোকজন গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সেজুল হোসেন বাদী হয়ে সদর থানায় ওই ইউপি চেয়ারম্যানসহ চারজনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন।পুলিশ মামলার তদন্ত শেষে ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সমপ্রতি আল হেলাল ছাড়া অন্য দুই সাংবাদিক বিষয়টি চেয়ারম্যানের সঙ্গে বসে আপস করে ফেলেন। আদালতে তাঁরা একটি আপসনামাও দাখিল করেন। কিন্তু আল হেলাল সেটি না মেনে আদালতে আপসের বিরুদ্ধে আপত্তি জানান। ওই মামলায় গতকাল রোববার ইউপি চেয়ারম্যান আবদুস ছাত্তার, তাঁর দুই ছেলে জাকির ও আলম, তাঁর ভাই দুলাল, ভাতিজা ফারুকসহ নয়জন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। সাংবাদিক সেজুল হোসেন বলেন, ‘সমপ্রতি প্রেসক্লাবে বসে বিষয়টি আপস-নিষ্পত্তি হয়েছিল। আমরা দুজন আদালতে আপসনামা দাখিল করেছিলাম। কিন্তু আল হেলাল সেটা না মেনে আদালতে আপসের বিরুদ্ধে আপত্তি দাখিল করেন।’ মামলার জখমি সাক্ষী সাংবাদিক আল হেলাল বলেন, ‘এত বড় একটি ঘটনা কোনো কিছুর বিনিময়ে আপস-নিষ্পত্তি হতে পারে না। আমি আদালতে আপসের বিরুদ্ধে আপত্তি জানিয়ে ন্যায়বিচার প্রার্থনা করেছি। পরে আপত্তির শুনানি শেষে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।’