সড়ক দুর্ঘটনায় ছয় জেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ নয়জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার ও গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে।
সারা দেশে ৫৫ দিনে ৪৮৫ জন প্রাণ হারালেন। প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজধানীর মহাখালী রেলগেটের কাছে মঙ্গলবার রাতে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় বাসেত মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্যবাহী ট্রাকের চালক। বনানী থানার এসআই সোহেল রানা বলেন, নিহতের বাড়ি জামালপুরের ইসলামপুরে। অভিযুক্ত চালককে ট্রাকসহ আটক করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর শ্যামলীতে গ্যাটকো ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। শেরেবাংলা নগর থানার এসআই হরিদাস মণ্ডল বলেন, তাঁর পরিচয় পাওয়া যায়নি। নিহতের লাশ ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ দুজন নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার শান্তিনগর এলাকায় একটি পণ্যবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুজন গুরুতর আহত হন। পরে আহত ব্যক্তিদের একজন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ও অপরজন ঢাকায় নেওয়ার পথে মারা যান। নিহত এস এম বাকি বিল্লাহ জুয়েল (৩৫) নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও অপরজন তাঁর বন্ধু জেলা ছাত্রদল নেতা রনি ভূঁইয়া (৩২)। সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন, মোটরসাইকেল আরোহীদের মাথায় হেলমেট ছিল না। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বগুড়া শহরের সড়ক দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল শহরের দ্বিতীয় বাইপাস সড়ক এলাকায় একটি বাস ও বালুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ট্রাকের চালক আবুল হোসেন (৪৫) নিহত হন। নিহত ব্যক্তির বাড়ি বগুড়া শহরতলির আকাশতারা মধ্যপাড়ায়। বগুড়া শহরের সিলিমপুর পুলিশ ফাঁড়ির ট্রাফিক উপপরিদর্শক (টিএসআই) আশুতোষ মিত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চাকাই এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, গতকাল দুপুরে উপজেলার টালিথাকুমি মিশনের সামনে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে একটি জাতীয় দৈনিকের পত্রিকাবাহী মাইক্রোবাসের সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির চালক মো. সেলিম (৩৮) ঘটনাস্থলেই নিহত হন।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গতকাল দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহিউদ্দিন সেলিম (৫২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এলাকাবাসী জানিয়েছেন, বিকেলে উপজেলার ছমিরহাট বাজারের কাছে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও তিনজন আহত হন। সুবর্ণচরের চরজব্বার থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনার বিষয়ে হাটহাজারী থানার এসআই তৌহিদুল করিম বলেন, গতকাল দুপুরে হাটহাজারী-নাজিরহাট সড়কের চারিয়া এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পেয়ারুল ইসলাম (৬০) ও নারায়ণ দেবনাথ (২৫) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালক মো. আলমগীরকে (৩১) আটক করা হয়েছে।