সুনামগঞ্জে তিন সাংবাদিককে গুদামঘরে মারধরের ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। সুনামগঞ্জের আইনশৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আদালতের বিচারক মো. মোসলেহ উদ্দিনের আদালতে বুধবার এই মামলার অভিযোগ গঠন হয়। আদালত সূত্র জানায়, গত বছরের ২৭ আগস্ট ভিজিএফের চাল বিতরণের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সদর উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান আবদুস ছাত্তার ও তাঁর লোকজনের হামলা ও মারধরের শিকার হন একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি সেজুল হোসেন, ভোরের কাগজ প্রতিনিধি জাকির হোসেন ও দৈনিক খবরপত্র-এর জেলা প্রতিনিধি আল-হেলাল। তাঁদের তিনজনকে গুদামঘরে আটকে বেধড়ক পেঠানো হয়। পরে পুলিশ তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সেজুল হোসেন বাদী হয়ে সদর থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ইউপি চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সমপ্রতি আল-হেলাল ছাড়া অন্য দুই সাংবাদিক চেয়ারম্যানের সঙ্গে আপস করে ফেলেন। আদালতে তাঁরা একটি আপসনামাও দাখিল করেন। এরপর গত ২৫ মার্চ ইউপি চেয়ারম্যান আবদুস ছাত্তারসহ নয়জন আদালতে হাজির হয়ে জামিন চান।