ইউপি চেয়ারম্যানসহ ১১ জনকে ভোটার তালিকাভুক্ত করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ইউনিয়নের ভোটার তালিকায় বাদ পড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেনসহ ১১ ইউপি সদস্যকে দুই কার্যদিবসের মধ্যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আজ বৃহস্পতিবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রুলে মাগুরা জেলা পরিষদ নির্বাচনে ওই ১১ জনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না এবং তাঁদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তাসহ ছয় বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও মো. ছিদ্দিক উল্যাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোরশেদুল আলম।

পরে ছিদ্দিক উল্যাহ মিয়া প্রথম আলোকে বলেন, দুই কার্যদিবসের মধ্যে এই ১১ জনের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে সিইসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত ২০ নভেম্বর নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রকাশ করে। প্রকাশিত ওই ভোটার তালিকায় মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল হোসেনসহ ১১ ইউপি সদস্যের নাম অন্তর্ভুক্ত না হওয়ায় গতকাল বুধবার তাঁরা এই রিট করেন।