ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে কেন্দুয়ায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ছিলিমপুর গ্রামের এনামুল কবীর খান গত শুক্রবার দিবাগত রাতে একই গ্রামের ওই ১৩ জনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলাটি করেন। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবীর দ্রুত বিচার আইনে মামলাটি করেন। এতে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক সালমা আক্তারকে প্রধান আসামি করা হয়। তাঁদের বিরুদ্ধে গত বৃহস্পতিবার গোপন বৈঠক এবং পরদিন শুক্রবার রাতে অস্ত্রসহ নতুন বাসস্ট্যান্ড এলাকায় হামলার অভিযোগ আনা হয়। হামলায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলিমপুরের আবু সায়েম খানসহ তিনজনকে জখম, নগদ টাকা ও মুঠোফোন লুট এবং দুটি বাসে ভাঙচুর হয়। এ ব্যাপারে চেয়ারম্যান সালমা আক্তার গতকাল শনিবার মুঠোফোনে জানান, ‘ঘটনার দিন আমি ঢাকায় ছিলাম। উদ্দেশ্যমূলকভাবে আমাকে মামলায় জড়ানো হয়েছে।’ তিনি আরও বলেন, এলাকার একটি খাল খননকে কেন্দ্র করে গ্রামের এনামুল কবীর পক্ষের সঙ্গে বিরোধ চলছে। তারা খাল খননের বিরোধী। এরই জের ধরে প্রতিপক্ষ মামলাটি করেছে।