নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ মিয়াকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার লোচনপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত আবু হানিফ মিয়া রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জংলী শিবপুর গ্রামের ইউনুস আলীর ছেলে। এ হত্যার ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ফজলুল হক ভূঞা, অলিপুরা ইউপির সদস্য মুজিবুর রহমান, বাখরনগর এলাকার বিপ্লব মিয়া, সোহাগ মিয়াসহ ১৩ জনের নামে ও অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত ব্যক্তির ছোট ভাই মোহাজ্জেম হোসেন। এর মধ্যে বিপ্লব মিয়া পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও একটি হত্যা মামলার আসামি। প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আবু হানিফ লোচনপুর বাজারের কাছে গুরুতর অসুস্থ সনেট মিয়াকে দেখতে যান। পরে বাজারে এসে দুই সমর্থক ইসমাইল মিয়া ও রফিক মিয়াকে নিয়ে চায়ের দোকানে বসেন হানিফ। ওই সময় নান্নু মিয়া নামের একজন কৌশলে হানিফকে ডেকে বাজারের পাশে নিয়ে যান। এ সময় ওঁৎ পেতে থাকা বিপ্লবসহ তাঁর সহযোগীরা হানিফকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই হানিফের মৃত্যু হয়। হত্যাকারীরা হানিফের মৃত্যু নিশ্চিত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় ইসমাইল ও রফিক এগিয়ে এলে তাঁদেরকেও কুপিয়ে আহত করা হয়। খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থল থেকে হানিফের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। গতকাল বেলা সাড়ে তিনটায় স্থানীয় হোসেন নগর উচ্চবিদ্যালয়ে জানাজা শেষে জংলী শিবপুর গ্রামের পারিবারিক কবরস্থানে হানিফের লাশ দাফন করা হয়।নিহত বিএনপি নেতার ছোট ভাই মোহাজ্জেম হোসেন বলেন, ‘গত ইউপি নির্বাচনে আমার ভাই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। কিন্তু সরকারদলীয় প্রার্থী তাঁর এই বিজয় ছিনিয়ে নেন। এরপর থেকে নানাভাবে আমার ভাইসহ সমর্থকদের হয়রানি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমি মনে করি।’রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মমিনুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে ও এলাকার আধিপত্য নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। আমরা তদন্ত করছি। এজাহারভুক্ত আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।’